বায়তুল মোকাররমের সেই খতিব ৫ দিনের রিমান্ডে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
বায়তুল মোকাররমে সংঘর্ষ ও হামলার ঘটনায় করা মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ছবি: ডেইলি সান
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষ ও হামলার ঘটনায় করা মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত।
এর আগে এদিন আসামীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. হাবিবুর রহমান।
রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় গ্রেপ্তার আসামীসহ অন্য আসামিরা মসজিদে প্রবেশ করে ইমামকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন।
অভিযোগে আরও বলা হয়, এ সময় রুহুল আমিনের নির্দেশে মামলার অপর এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। অন্য আসামিরা বাদী জিয়াউর হুদাসহ উপস্থিত মুসল্লিদের মারধর করেন। এ ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন।
এছাড়া মসজিদের প্রায় ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি করা হয় এবং বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পল্টন থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর মামলা দায়ের করা হহ।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মসজিদে সংঘর্ষের ঘটনায় রুহুল আমিনের ভূমিকা, হামলার পেছনে কোনো ব্যক্তি বা দলীয় প্ররোচনা ছিল কি না, আর্থিক লেনদেন, ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য এবং অন্য আসামিদের পরিচয় ও সংশ্লিষ্টতা উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।