বিমানবন্দরে যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ৬ লাখ টাকার ওষুধ জব্দ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের র-সি এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিংয়ের সময় অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এভিয়েশন সিকিউরিটি-২০’ (এভসেক) কর্তৃপক্ষ ও দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা গিয়েছে, রবিবার চীনগামী এ যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিংয়ের সময় আনসার সদস্য সিপাহি মো. রাজেকুল ইসলামের (২৭ বিএন) নজরে ব্যাগটি সন্দেহজনক ঠেকে।
তাৎক্ষণিকভাবে এভসেক সদস্যদের সাথে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন সিপাহি রাজেকুল। কাস্টমস ছাড়পত্রহীন ঐ ব্যাগ থেকে বেরিয়ে আসে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ওষুধ।
ঘটনাটি ‘এভসেক-২০’ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ এবং কাস্টমসকে অবহিত করার নির্দেশ আসে।ওয়াকিটকির মাধ্যমে এভসেকের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম।
পরে শিফট টিআই মো.ওমর ফারুককে জানালে তার উপস্থিতিতে জব্দকৃত সব ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন পেশাদারিত্ব ও সক্রিয় তৎপরতার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।