EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মসলার আড়ালে আমদানি করা ৩০ কেজি শিসা উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

মসলার আড়ালে আমদানি করা ৩০ কেজি শিসা উদ্ধার

ছবি: সংগৃহীত

অ অ

মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিসা। ক্রেতা সেজে সেগুলো কেনার অজুহাতে পুরো চক্রটিকে নজরদারির আওতায় এনে এ কাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার গোয়েন্দা নজরদারি ও কৌশলগত তৎপরতায় এই অবৈধ ব্যবসার সন্ধান পাওয়া যায়।  দীর্ঘ দুই মাস ধরে নজরদারী করে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টিম সংশ্লিষ্ট শিসা আমদানিকারক শনাক্ত করে তাদের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে।

পরবর্তীতে ডিএনসি গোয়েন্দা টিমের সদস্যরা ক্রেতা সেজে তাদের কাছে ৫ কেজি শিসার অর্ডার দেবার পর এই আমদানির সকল কার্যক্রম মনিটরিং করা হয়।

সেই ৫ কেজি শিসা সংগ্রহ করতে গিয়ে শেষ পর্যন্ত এর সাথে আমদানি করা আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি অবৈধ শিসা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১১ নভেম্বর তারিখ রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে  রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডে অবস্থিত একটি ভবনে আস সুন্নাহ নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়।

এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে থাকা সোলায়মান আহমেদ শুভ (৩১) নামের একজনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেখানো প্রতিষ্ঠানের ভেতরে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা আল ফাকির ব্র্যান্ডের সর্বমোট ৩০ কেজি শিসা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের মাধ্যমে তিনি এই শিসা সংগ্রহ করেছেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উত্তরা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিসা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

পরবর্তীতে শাকিল আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা সেক্টর-১১ এলাকায় ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসান (৪৬)-কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি তার এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিসাগুলো বাংলাদেশে আমদানি করে সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন। শাকিলের মাধ্যমে পরবর্তীতে এসব শিসা সোলায়মানের কাছে পৌঁছাত।

গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনায় সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে শিসা কেনা-বেচা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমান নিবিড়সহ তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে অবৈধ শিসার ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এ চক্রে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন। সালমান নিবিড়কে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত শিসার উৎস ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে অধিকতর অনুসন্ধান চলছে। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে এসব পণ্য হংকং থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এবং আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বৈধ আমদানির কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে অবৈধ মাদকদ্রব্য আমদানি করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার মো. সোলায়মান আহমেদ শুভ, মো. শাকিল আহমেদ ও মো. মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে বংশাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্তৃক তদন্তাধীন রয়েছে। চক্রের পলাতক সদস্য ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন