EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লিবিয়ায় বাংলাদেশিকে জিম্মি: পরিবার থেকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

লিবিয়ায় বাংলাদেশিকে জিম্মি: পরিবার থেকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং অর্থ আদায়ের ঘটনায় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

অ অ

লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং অর্থ আদায়ের ঘটনায় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টায় নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মনোয়ার হোসেন (৪০), নাটোর জেলার সিংড়া থানার চাঁদপুর গ্রামের মৃত মো.মোবারক হোসেনের ছেলে। মোঃ সোহেল রানা (৪৫), একই এলাকার মোহাম্মদ তাজউদ্দীনের ছেলে।

তদন্তে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৭০)-এর ছেলে মো. সাইফুল (৩৯) পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান।

কিন্তু প্রবাসে গিয়ে তিনি মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন। ২০২৫ সালের ৫ আগস্ট দুপুরে লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করে জানানো হয়, সাইফুলকে তাদের হেফাজতে আটক রাখা হয়েছে। তাঁকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় তাঁকে হত্যা করা হবে।

অপহরণকারীরা আরও জানায়, মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে কথা বলতে দেওয়া হবে না।

সন্তানের জীবন রক্ষার আশায় সাইফুলের পরিবার ২০২৫ সালের ১০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকানের মাধ্যমে অভিযুক্তদের দেওয়া একাধিক মোবাইল নম্বরে সর্বমোট ৫ লাখ টাকা পাঠায়।

পরিবারের প্রত্যাশা ছিল, টাকা পরিশোধের পর অন্তত ছেলের সঙ্গে কথা বলতে পারবে এবং তাকে ফিরে পাওয়ার পথ তৈরি হবে। কিন্তু পাঁচ লাখ টাকা পাওয়ার পরও অপহরণকারীরা সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেয়নি।

পরবর্তীতে সোহেল নামে একজন সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানায়, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে এবং প্রয়োজনে নিজে লিবিয়ায় গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসবে। এ আশ্বাস দিয়ে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলা হয়।

কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে অন্য একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ সময় জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের ব্যক্তিদের কাছে সাইফুল আটক রয়েছে এবং তাদের কাছ থেকেই আব্দুস সামাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে।

একদিকে ছেলের জীবন নিয়ে চরম উৎকণ্ঠা, অন্যদিকে একের পর এক মুক্তিপণের দাবি- সব মিলিয়ে অসহায় হয়ে পড়েন ৭০ বছর বয়সী বাবা। শেষ পর্যন্ত ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। এরপর থেকে তাঁর ও সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে আর কোনো কল আসেনি।

এ ঘটনায় প্রতারিত ও ছেলের জীবন নিয়ে শঙ্কিত বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।মামলাটির তদন্তভার গ্রহণ করে টিএইচবি, সিআইডি।

মামলাটির তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে সিআইডির একটি দল অভিযান পরিচালনা করে নাটোর জেলার সিংড়া বাজার এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামি মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করে।

আসামিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মানব পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার নেপথ্যে থাকা দেশীয় ও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা এবং লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধারে সিআইডির কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন