লক্ষ্মীপুরে দুধের কৌটা থেকে ১১ শক্তিশালী বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয়
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম
লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুটি বিদেশি দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া বড় ৬ টি ও ছোট ৫টিসহ মোট ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল ব্যাপারীর খেয়াঘাটের উত্তর পাশে ফসলি জমির একটি খালি জায়গায় বিশেষজ্ঞ দলের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন।
এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করেন।
জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠোনের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়।
এগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়। পরে আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে বিষয়টি জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় সাইফুল ইসলাম সুজন নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তার বাড়ি ভোলা সদর উপজেলায়।
তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। তার ভাড়া নেওয়া ঘরের একটি কক্ষ থেকে গত সোমবার বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, প্রায় দুই মাস ধরে সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। তারা বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করেছিলেন। বাড়ির আশপাশে যাতে কেউ যেতে না পারেন, সে ব্যবস্থাও ছিল। প্রতিবেশীদের সঙ্গে তাঁদের তেমন চলাফেরা বা যোগাযোগ ছিল না। এ কারণে স্থানীয় কেউ তাদের ভালোভাবে চিনতেন না।
একই বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং উঠোনের মাটির নিচে পুঁতে রাখা দুটি বিদেশি দুধের কৌটায় শক্তিশালী বোমা পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁঞা জানান, বিদেশি দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা প্রাথমিকভাবে নিশ্চিত করেছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশেষজ্ঞ দলের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।