EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টেলিগ্রাম গ্রুপে প্রতারণার ফাঁদ, অ্যাডমিনসহ গ্রেপ্তার ২

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

টেলিগ্রাম গ্রুপে প্রতারণার ফাঁদ, অ্যাডমিনসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

অ অ

অনলাইনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেলিগ্রামভিত্তিক প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিদের একজন ওই চক্রের টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রংপুরের কোতোয়ালি থানার শাপলার মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন দিনাজপুরের বীরগঞ্জের মো. মাহফুজ আলী (৩১) ও রংপুরের কোতোয়ালির মো. আব্দুল আলিম (৩০)।

সিআইডির তদন্তে জানা যায়, চক্রটি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান Withlocals-এর ওয়েবসাইট নকল করে চাকরির প্রস্তাবের মাধ্যমে ফিরোজ কায়সার নামে এক ব্যক্তির বিশ্বাস অর্জন করে। প্রথমে তাঁকে ৯০০ টাকা এবং পরে বিভিন্ন সময়ে মোট ৩৪ হাজার টাকা দেওয়া হয়। এরপর নকল ওয়েবসাইটে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে ২৫ লাখ টাকা নেওয়া হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী ২০২৫ সালের ১ নভেম্বর পল্টন থানায় মামলা করেন। তদন্তে ছয় সদস্যের একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পায় সিআইডি। গ্রুপটির অ্যাডমিন মাহফুজ এবং আব্দুল আলিম ছিলেন সদস্য। চক্রটি প্রতারণার শিকার ব্যক্তিদের তালিকা তৈরি করে কার কাছ থেকে কত টাকা নেওয়া হবে, তা নির্ধারণ করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সিআইডি জানায়, এ মামলায় আগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আগের আসামিদের কাছ থেকে উদ্ধার করা ১০ লাখ টাকা আদালতের মাধ্যমে বাদীর ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন