EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৫

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম

রাজধানীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ‘হানি ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ওয়ারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

রোববার (২৫ অক্টোবর) ডিবি ওয়ারী বিভাগের একটি বিশেষ দল গোপন নজরদারি ও প্রযুক্তিগত সহায়তায় তুরাগের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান (৩৮), প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০), সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২) এবং সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১)।

পুলিশের তথ্য অনুযায়ী, জিৎ ভক্ত চক্রটির মূল হোতা। অভিযানে তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি ফাঁকা চেক ও একটি টর্চার বেল্ট উদ্ধার করা হয়েছে। 

ডিবি সূত্রে জানা যায়, চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে বিত্তবান পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে তাঁদের নির্ধারিত বাসা বা হোটেলে ডেকে নেওয়া হতো। সেখানে চক্রের পুরুষ সদস্যরা ভুক্তভোগীদের জিম্মি করে ভয়ভীতি দেখাতেন ও শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। 

এ সময় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তা প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায় করা হতো। একবার টাকা নেওয়ার পরও ব্ল্যাকমেইল করে আবার অর্থ দাবি করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চক্রের সদস্যরা ঘন ঘন আস্তানা পরিবর্তন করতেন। তাঁরা ভুয়া নামে নিবন্ধিত সিম ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

ডিএমপি নগরবাসীকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার এবং প্রতারণা বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন