EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা, ভাঙচুর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৪২ এএম

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা, ভাঙচুর

কুরিয়ার অফিসের গুদামে হামলার পর পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

অ অ

রাজধানীর হাজারীবাগের বারইখালী এলাকায় সিকদার মেডিকেল কলেজের পাশে অবস্থিত ‘এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’ এর একটি ওয়ারহাউজে (গুদাম) অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি এই তাণ্ডব চালায়। হামলাকারীরা পুরো ভবনে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ল্যাপটপ লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুখে মাস্ক এবং মাথায় হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত হঠাৎ কুরিয়ার সার্ভিসের ওয়ারহাউজে প্রবেশ করে। তারা ঢুকেই চারদিকে আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে।

কুরিয়ারের কার্যালয়ে থাকা ল্যাপটপ এবং সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে সাথে করে নিয়ে যায় দুর্বৃত্তরা। হামলার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীরা ছুটতে থাকেন।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, হামলাকারীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তারা কুরিয়ারের ভেতরে হামলার পূর্বে আশপাশের এলাকার অন্যান্য সিসিটিভি ক্যামেরাগুলোও বন্ধ বা অকার্যকর করে দিয়েছিল, যাতে তাদের সহজে শনাক্ত করা না যায়।

ঘটনার খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আলামত সংগ্রহসহ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

হাজারীবাগ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী সময়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার পর থেকে বারইখালী ও সিকদার মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি ও ব্যবসায়ীদের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন