রংপুরে ৫ চোরাই মোটর সাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: সংগৃহীত
৫টি চোরাই মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর তাজহাট পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) বিকেল থেকে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর পর্যন্ত রংপুরের মিঠাপুকুর, পীরগঞ্জ এবং দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তাদের গ্রেপ্তার ও বাইকগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে তাজহাট থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুরের শিমুল মন্ডল (৩৫), পীরগঞ্জের কাজীপাড়ার মিলন মিয়া (৩৬) , জাহাঙ্গীরাবাদের হাসান মিয়া (২৮) এবং ভগবানপুরের রাশেদ প্রধানকে (৩২) গ্রেপ্তার করা হয়।
রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে মোটরসাইকেলগুলো চুরি হয়েছিল। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুরের খন্দকারপাড়া থেকে শাহীন মিয়া (৩২) নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মিঠাপুকুর, পীরগঞ্জ ও ঘোড়ারঘাট থেকে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এই অভিযানের মাধ্যমে চোরাই মোটরসাইকেলের একটি শক্তিশালী নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে। আরও অভিযান অব্যাহত আছে।