সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামের অপর এক যুবক গুরুতর গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অলিনগর এলাকার স্থানীয় সাদ্দামের অফিসের সামনে একদল অজ্ঞাত ব্যক্তি অতর্কিতভাবে বাপ্পি ও শাওনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় তাফসির আলম শাওন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।