নীলফামারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম
গ্রেপ্তার আমিনুর রহমান। ছবি: সংগৃহীত
নীলফামারীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান। শনিবার (১০ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আমিনুর রহমান (৬২) লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে। তিনি লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
মামলার নথি অনুযায়ী জানা যায়, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গোপন বৈঠক ও লিফলেট বিতরণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলার এজাহারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। সেখানে লিফলেট, লোহার রড ও বাঁশের লাঠি উদ্ধারের কথাও উল্লেখ রয়েছে।
তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে আমিনুর রহমানের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। পরে শনিবার (১১ অক্টোবর) দুপুরে তাকে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
আমিনুর রহমানের আইনজীবী মোরসালিন ইসলাম জানান, তারা তার জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।