বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ৩ লাখ টাকা উদ্ধার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার এসএম মেহরব হাসানের তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী নগরীর কাজলা মৃধাপাড়ায় তাঁর ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চুরির ঘটনায় গ্রেপ্তার চার আসামির একজন মোজাম্মেল হক পুলিশকে জানান, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া তিন লাখ টাকা তাঁর ভাড়া বাসায় রাখা আছে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সেখানে অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করে।
জাতীয় ক্রিকেট লিগ শেষে বুধবার ঢাকা থেকে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ কাভার্ডভ্যানে পাঠানো হয়েছিল। সকালে কাভার্ডভ্যান থেকে মালামাল নামানোর সময় আটটি লাগেজ কম পাওয়া যায়। এ ঘটনায় ক্রিকেটার মেহরব হাসান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা যায়, তাঁরা রাজশাহীর পুঠিয়া এলাকায় মোটরসাইকেলে করে চলন্ত কাভার্ডভ্যানে ওঠেন। এরপর দরজার তালা ভেঙে আটটি লাগেজ নামিয়ে নেন।
পুলিশ পরে লাগেজগুলোও উদ্ধার করে। তবে সেগুলোর মধ্যে অন্যান্য মালামাল পাওয়া গেলেও তিন লাখ টাকা পাওয়া যায়নি। মোজাম্মেল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে টাকাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবারই আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে রুবেল আহমেদ (৩৮) নামের এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
