আগামী ১৮ অক্টোবর দেশে আসছে ক্যারিবীয়রা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু ৩০ অক্টোবর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আসন্ন এই সফরের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর ঢাকার মিরপুরে প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে সিলেটে।
সফরসূচি অনুযায়ী, ১৮ অক্টোবর ঢাকায় পা রাখার পর মিরপুরে নিজেদের প্রস্তুতি শুরু করবে ক্যারিবীয়রা। আগামী ১৯, ২০ এবং ২১ অক্টোবর মিরপুরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি মাঠে টানা তিন দিন অনুশীলন করবে সফরকারী দল।
মূল সিরিজে মাঠে নামার আগে আগামী ২৩ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ২৬ ও ২৭ অক্টোবর মিরপুরে আবারও অনুশীলন সেশনে অংশ নেবে দুই দল। এরপর ৩০ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
প্রথম টেস্ট শেষ করে আগামী ২ নভেম্বর সিলেটের উদ্দেশে রওনা হবে উভয় দল। সেখানে ৩ ও ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ৫ নভেম্বর থেকে একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
সিরিজ শেষে আগামী ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের।