টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হাসান মাহমুদের হ্যাটট্রিক
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনের সকালে টানা তিন বলে তিন উইকেট নিয়ে ম্যাচের চিত্র বদলে দিয়েছেন এই পেসার।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট হওয়ার পর জবাবটা ভালোভাবেই দিচ্ছিল আফগানিস্তান। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলে ম্যাচে এগিয়ে থাকার আভাস দিচ্ছিল তারা। তবে তৃতীয় দিনের সকালে এবাদত হোসেন ও হাসান মাহমুদের পেস আক্রমণে দ্রুত বদলে যায় দৃশ্যপট। মাত্র ১ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে আফগানরা।
দিনের শুরুতেই ৩২ রান করা ইকরাম আলি খিলকে ইনসুইঙ্গারে বোল্ড করে আফগানদের প্রতিরোধ ভাঙেন এবাদত হোসেন। এরপর শুরু হয় হাসান মাহমুদের দাপট।
পরের ওভারের প্রথম বলেই ইসমত আলমকে (১) বোল্ড করেন হাসান। পরের বলে সুইংয়ে পরাস্ত হন কায়েস আহমেদ। উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস।
হ্যাটট্রিকের সুযোগ তৈরি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। জিয়াউর রহমানের ব্যাটের পাশ দিয়ে যাওয়া বলে ক্যাচের আবেদন জানান বাংলাদেশের ফিল্ডাররা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রিভিউতে দেখা যায়, বল ব্যাটে না লাগলেও সরাসরি অফস্টাম্পে আঘাত হানত। আম্পায়ারের সিদ্ধান্ত বদলে এলবিডব্লিউ দেওয়া হলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল। এর মধ্য দিয়ে টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন হাসান।
বাংলাদেশের হয়ে এর আগে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি (২০০৩) ও সোহাগ গাজী (২০১৩)।
হাসানের এই কীর্তির পরও লড়াই চালিয়ে যাচ্ছে আফগানিস্তান। সর্বশেষ পাওয়া তথ্যে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২২১ রান। ৮৭ রানে অপরাজিত ছিলেন রহমত শাহ, অপেক্ষায় ছিলেন সেঞ্চুরির।
