মাদানী অ্যাভিনিউ
১০০ ফুট সড়কের ৯০ ফুটই দখলে, পথচারীদের ভোগান্তি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ভাটারা থানার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কের বড় অংশ হকার, অটোরিকশা ও অবৈধ পার্কিংয়ের দখলে চলে গেছে। এতে সংকুচিত হয়ে পড়েছে যান চলাচলের জায়গা। সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কার্যকর নিয়ন্ত্রণের অভাবে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।
সরেজমিনে দেখা যায়, ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের ওপর তিন থেকে চার সারিতে দোকান ও অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন হকাররা। এতে ১০০ ফুট প্রশস্ততার জন্য পরিচিত সড়কটির বড় অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, প্রায় ৯০ ফুট জায়গা দখল হয়ে থাকায় কোথাও কোথাও চলাচলের জন্য মাত্র ১০ ফুট জায়গা অবশিষ্ট রয়েছে।
সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কারণে ব্যস্ত সময়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ফুটপাত ও হাঁটার জায়গা দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলন্ত যানবাহনের পাশ দিয়ে কিংবা মূল সড়ক ধরে হাঁটতে হচ্ছে। এতে নারী ও শিশুসহ পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সন্ধ্যা ও রাতে মানুষের ভিড় বাড়লে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সড়কটিতে ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনেরও বেপরোয়া চলাচল দেখা যায়। এসব যানবাহনের চালকদের অনেককে হঠাৎ লেন পরিবর্তন, উল্টো পথে চলাচল, যত্রতত্র থামা এবং মূল সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানোর মতো কাজ করতে দেখা গেছে। এতে যানজটের পাশাপাশি সংঘর্ষ ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ ছাড়া সড়কের দুই পাশে এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও সংযোগস্থলের কাছে ব্যক্তিগত গাড়ি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্ক করে রাখতে দেখা যায়। হকারদের দখল ও অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে যান চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়েছে।
সড়কটির এমন পরিস্থিতিতে স্বল্প দূরত্ব অতিক্রম করতেও স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। প্রতিদিন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াতকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক সংকুচিত হয়ে পড়ায় জরুরি সেবার যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হতে পারে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারলে জরুরি পরিস্থিতিতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয়রা সড়কটি দখলমুক্ত করা, অবৈধ পার্কিং বন্ধ এবং ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি পথচারীদের নিরাপত্তাও বাড়ানো সম্ভব।