ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ৬ দফা দাবি, আন্দোলনের হুঁশিয়ারি
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: ডেইলি সান
ইসলামী ব্যাংকের ‘সচেতন গ্রাহক ফোরামের’ ব্যানারে ছয় দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের চকবাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক ফোরামের আহ্বায়ক ও ব্যবসায়ী মো. শহীদুল্লাহ, ব্যবসায়ী আনোয়ার হোসেন পাটোয়ারী, নিজাম উদ্দীন, নুরুল হুদা, হুমায়ুন কবির ও নাসির উদ্দীনসহ অন্যরা।
বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার প্রতিবাদ জানান। একই সঙ্গে সততা, দক্ষতা ও পেশাদারত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ ছয় দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—চেয়ারম্যানের অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, প্রকৃত মালিকানা নির্ধারণ ও শেয়ার বাজেয়াপ্ত করা, চুক্তি নবায়ন ও স্থায়িত্ব নিশ্চিত করা, এস আলমের ‘দালাল চক্রের’ সদস্যদের বহিষ্কার এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আইনি ব্যবস্থা নেওয়া।
দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এদিকে মানববন্ধন আয়োজনের আগে অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও আয়োজকেরা তা করেননি বলে জানিয়েছে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মানববন্ধনের বিষয়টি আমাদের জানা নেই। নিয়ম হচ্ছে, মানববন্ধন করতে হলে আমাদের জানাতে হবে এবং অনুমতি নিতে হবে। কিন্তু তারা আমাদের জানায়নি।
