EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

জকিগঞ্জে বিধবা নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

জকিগঞ্জে বিধবা নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ

জকিগঞ্জে বিধবা নাজমা বেগমকে খাদ্যসামগ্রী দিচ্ছে শুভসংঘ।

অ অ

সিলেটের জকিগঞ্জে অসহায় বিধবা নাজমা বেগমের (৫৯) পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। তাঁর মানবেতর জীবনের কথা জানতে পেরে শনিবার (২৮ নভেম্বর) সংগঠনের উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার লামারগ্রামে তাঁর বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। দুঃখ-কষ্ট কিছুটা লাঘব করতে তাঁকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, মরিচ, হলুদসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কিনে দেন সদস্যরা।

দীর্ঘদিন ধরে একটুকরা ভিটেমাটি আঁকড়ে লামারগ্রামে বসবাস করছেন নাজমা বেগম। একসময় স্বামীর আয়েই চলত তাঁর সংসার। স্বামীর মৃত্যুর পর থেকে এলাকার মানুষের সহযোগিতায় কোনোমতে দিন কাটছে তাঁর। কোনো সন্তান না থাকায় ছোট্ট একটি কুঁড়েঘরে একাই থাকেন তিনি। স্থানীয়দের সহায়তায় একটি ঘর পেলেও দুঃখ-দুর্দশা তাঁর পিছু ছাড়েনি।

খাদ্যসহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নাজমা বেগম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে খুঁজে বের করে আমার বাড়িতে খাদ্যসামগ্রী এনে দিয়েছে। বসুন্ধরা শুভসংঘ আরও প্রসারিত হোক এবং মানবকল্যাণে আরও বেশি ভূমিকা রাখুক।’

বসুন্ধরা শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহীদ সাকির বলেন, ‘নাজমা বেগম বিধবা, তাঁর কোনো ছেলেমেয়ে নেই। এমন মানুষের পাশে আমাদের সংগঠন দাঁড়িয়েছে। এর অংশ হতে পেরে খুবই আনন্দ লাগছে।’

তিনি আরও বলেন, ‘জকিগঞ্জ উপজেলার কিছু মানুষের আয়-রোজগার অত্যন্ত কম। অধিকাংশ পরিবারের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে এসব হতদরিদ্র মানুষকে সহযোগিতা দিয়ে আসছে। এর আগে এই এলাকার শিক্ষার্থীদের নিয়ে আমরা নানা ক্যাম্পেইনও পরিচালনা করেছি।’

খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সারওয়ার হোসেন জীবন, অর্থ সম্পাদক সাইফুর রহমান ও শুভাকাঙ্ক্ষী আতাউর রহমান নাফিজ।

আরও পড়ুন