EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভেজাল প্রতিরোধে শরীয়তপুরে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভেজাল প্রতিরোধে শরীয়তপুরে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন
অ অ

নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও ভেজাল প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শরীয়তপুরে মানববন্ধন ও পোস্টার প্রদর্শন করেছে বসুন্ধরা শুভসংঘ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শরীয়তপুর কোর্ট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। পোস্টার ও বক্তব্যের মাধ্যমে তাঁরা ভেজালকারীদের শাস্তি এবং শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে প্রদর্শিত পোস্টারগুলোতে নিরাপদ খাদ্যের দাবি, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সেগুলোতে লেখা ছিল, ‘ভেজালমুক্ত খাদ্য চাই, শিশুদের সুস্থ ভবিষ্যৎ চাই’, ‘খাদ্যে ভেজালকারীর শাস্তি চাই, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চাই’ এবং ‘খাদ্যে ভেজাল রুখে দিন, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলুন’। এ ছাড়া ‘ভেজাল খাবার খাব না, অসুস্থ জীবন গড়ব না’ ও ‘শিশুর খাবারে বিষ মেশাবেন না, আগামী প্রজন্মকে ধ্বংস করবেন না’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান তুলে ধরা হয়।

বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন। 

অনুষ্ঠানে খাদ্যে ভেজালের ঝুঁকি ও তা প্রতিরোধে করণীয় তুলে ধরেন বক্তারা। সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট হারুন-অর রশিদ বলেন, ‘খাদ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা। অথচ কিছু অসাধু ব্যবসায়ীর কারণে খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশুদের খাবারে ভেজাল মেশানো অত্যন্ত উদ্বেগজনক।’

প্রধান অতিথি শরিফুল আলম ইমন বলেন, ‘নিরাপদ খাদ্য পাওয়া প্রত্যেক মানুষের অধিকার। খাদ্যে ভেজাল শুধু ব্যক্তির স্বাস্থ্যঝুঁকিই তৈরি করে না, একটি প্রজন্মের সুস্থ বিকাশও বাধাগ্রস্ত করে। তাই উৎপাদন থেকে বাজারজাতকরণ ও ভোগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সতর্কতা প্রয়োজন।’

ভেজাল খাদ্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যম, সামাজিক সংগঠন, প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বসুন্ধরা শুভসংঘ সব সময় শুভ কাজে সবার পাশে থাকে। মানুষের কল্যাণে সংগঠনটির এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আজকের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই।’

আরও পড়ুন