EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

মানবিক কাজের প্রত্যয়ে খিলগাঁও বসুন্ধরা শুভসংঘের মিলনমেলা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

মানবিক কাজের প্রত্যয়ে খিলগাঁও বসুন্ধরা শুভসংঘের মিলনমেলা

খিলগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের মিলনমেলায় একত্রিত তরুণেরা।

অ অ

বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করা এবং মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার লক্ষ্যে ঢাকার খিলগাঁওয়ে মিলনমেলার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের খিলগাঁও থানা শাখা। পরিচিতি, প্রাণবন্ত আড্ডা ও ভাববিনিময়ের মধ্য দিয়ে সংগঠনটির তরুণেরা অবসর সময়কে সমাজের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যস্ত নাগরিক জীবনে একসঙ্গে সময় কাটানোর সুযোগ খুব বেশি মেলে না। সেই ব্যস্ততার ফাঁকে নিজেদের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্য বাড়াতে একত্রিত হন শুভসংঘের বন্ধুরা। তরুণদের অংশগ্রহণে আয়োজনস্থলে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। হাসি-আড্ডার ফাঁকে সংগঠনের সদস্যদের মধ্যে গড়ে ওঠে নতুন যোগাযোগ। আনুষ্ঠানিকতার বাইরে এমন আয়োজন একে অন্যকে কাছ থেকে জানার সুযোগও তৈরি করে।

আয়োজনটি শুধু আড্ডাতেই সীমাবদ্ধ ছিল না। ভবিষ্যতে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। তরুণদের অবসর সময় ইতিবাচক কাজে ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এতে।

শিক্ষা সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সংরক্ষণ এবং সমাজের নানা সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আগ্রহ তৈরি করার বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। পড়াশোনা, কাজ ও ব্যক্তিগত ব্যস্ততার বাইরে যেটুকু সময় মেলে, তা সমাজের জন্য ব্যয় করার ভাবনাই উঠে আসে এই আলোচনায়।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক দিকনির্দেশনায় আয়োজনটি সম্পন্ন হয়। তিনি বলেন, ‘তরুণদের মধ্যে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে সেই সম্ভাবনাকে সমাজের কল্যাণে কাজে লাগানো সম্ভব।’

আবদুল হান্নান মিলটন আরও বলেন, ‘বন্ধুত্বের জায়গা থেকেই মানবিক কাজের সূচনা হতে পারে। সম্মিলিতভাবে এগিয়ে এলে ছোট ছোট উদ্যোগও মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’

বসুন্ধরা শুভসংঘ খিলগাঁও থানা শাখার সভাপতি মো. আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের নেতৃত্বে আয়োজনে আরও যুক্ত ছিলেন সহ-সভাপতি নওরিন, যুগ্ম সম্পাদক নাহিদ, সাংগঠনিক সম্পাদক মুক্তা, ক্রীড়া সম্পাদক লাবন এবং সমাজকল্যাণ সম্পাদক সজীব।

সদস্যদের মধ্যে ছিলেন রাকিব, নেহাল, শাহীন, তুহিন, জাকারিয়া, রাইয়ান, মেহেদী ও ইয়াসির। এ ছাড়া শুভসংঘের বিভিন্ন পর্যায়ের বন্ধু ও শুভানুধ্যায়ীরা আয়োজনে অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা শাখার সভাপতি আহসানুল হক।

‘শুভ কাজে সবার পাশে’ স্লোগান ধারণ করে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে থাকে বসুন্ধরা শুভসংঘ। খিলগাঁওয়ের এ আয়োজনেও মানুষের পাশে থাকার সেই ভাবনা গুরুত্ব পায়।

এ মিলনমেলার মধ্য দিয়ে তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। নিয়মিত যোগাযোগ, একসঙ্গে সময় কাটানো এবং মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে শুভসংঘের বন্ধুত্বকে সামাজিক কর্মকাণ্ডে রূপ দেওয়ার প্রত্যয় জানান অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন