ভেজাল রোধে ময়মনসিংহে শুভসংঘের পোস্টার প্রদর্শনী
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
ময়মনসিংহ আইডিয়াল কলেজে নিরাপদ খাদ্যবিষয়ক পোস্টার প্রদর্শনী।
খাদ্যে ভেজালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে ময়মনসিংহ আইডিয়াল কলেজে পোস্টার প্রদর্শনী করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করতে পোস্টারের মাধ্যমে ভেজালের ধরন, স্বাস্থ্যঝুঁকি ও সঠিক খাবার বেছে নেওয়ার উপায় তুলে ধরা হয়। এতে কলেজের উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রদর্শনীতে খাদ্যে নানা ধরনের ভেজাল এবং মানবদেহে এর ক্ষতিকর প্রভাবের বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি নিরাপদ খাবার নির্বাচন ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ভেজাল খাদ্য শনাক্ত করা এবং খাবার কেনা ও গ্রহণে সচেতন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পোস্টারের মাধ্যমে উপস্থাপন করায় বিষয়গুলো এক নজরে জানার সুযোগ পান অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন বলেন, ‘নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। কিন্তু বর্তমানে খাদ্যে ভেজাল একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে মানুষ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছে। খাদ্যে ভেজাল প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে তরুণ প্রজন্মকে খাদ্য সম্পর্কে সচেতন হতে হবে এবং পরিবার ও সমাজে নিরাপদ খাদ্য গ্রহণের বার্তা ছড়িয়ে দিতে হবে। বসুন্ধরা শুভসংঘ সব সময় সামাজিক সচেতনতা সৃষ্টি ও জনকল্যাণমূলক কার্যক্রমে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি সচেতন ও সুস্থ সমাজ গঠনে আমরা কাজ করতে চাই।’
নিরাপদ থাকতে খাবার কেনার সময় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মোড়ক এবং অনুমোদনের চিহ্ন দেখে নেওয়া উচিত। অস্বাভাবিক রং বা গন্ধযুক্ত এবং খোলা ও অপরিচ্ছন্ন পরিবেশে রাখা খাবার এড়িয়ে চলা ভালো। ফল ও সবজি খাওয়ার আগে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুতে হবে। রান্না করা খাবার ঢেকে রাখা এবং খাবার প্রস্তুত ও খাওয়ার আগে হাত ধোয়াও জরুরি। শুধু উজ্জ্বল রং বা বাহ্যিক চেহারা দেখে খাবারের মান বিচার করা ঠিক নয়। ভেজাল বা অনিরাপদ খাদ্য নিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৬১৫৫ হটলাইনে অভিযোগ জানানো যায়।
অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার উপদেষ্টা রাকিবুল হাসান রাকিব, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক জিহাদ ইসলাম, প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদি, নারী সম্পাদক মোহনা জাহান এবং কার্যকরী সদস্য সুমাইয়া ও মিম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে। পাশাপাশি খাদ্যে ভেজাল প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।