কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বিশ্বম্ভরপুরে শুভসংঘের সভা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
বিশ্বম্ভরপুরে কিশোরীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সংগঠনের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বয়ঃসন্ধিকালের নানা পরিবর্তন নিয়ে সংকোচ ও অজ্ঞতা দূর করে শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
সভায় কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন এবং এ সময়ে করণীয় ও বর্জনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। আলোচনায় প্রজননস্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকার প্রয়োজনীয়তা উঠে আসে। পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও আশপাশের কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বয়ঃসন্ধিকালে সুস্থ থাকতে নিয়মিত গোসল ও পরিষ্কার পোশাক পরা প্রয়োজন। মাসিকের সময় নির্দিষ্ট সময় পরপর ন্যাপকিন বদলানো, হাত ধোয়া এবং ব্যবহৃত ন্যাপকিন সঠিক স্থানে ফেলাও জরুরি। পাশাপাশি পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি পান করা দরকার।
নবম শ্রেণির শিক্ষার্থী নাবিলা আক্তার বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই সচেতনতামূলক সভা থেকে আমরা অনেক নতুন বিষয় জানতে পেরেছি। নিজের শারীরিক স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার এবং আশপাশের কিশোরী ও নারীদেরও সচেতন করব। এ ধরনের আয়োজন নিয়মিত হলে অনেকেই উপকৃত হবে।’
বিদ্যালয়ের শিক্ষিকা অনিমা দীগিদী বলেন, ‘সুস্বাস্থ্য ভালো থাকার অন্যতম প্রধান শর্ত। বিশেষ করে বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। এ সময় সঠিক তথ্য ও সহযোগিতা না পেলে তারা অনেক ক্ষেত্রে মানসিকভাবে ভেঙে পড়ে। তাই পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান—উভয় জায়গা থেকেই তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করায় তারা বিষয়গুলো সহজভাবে জানার সুযোগ পেয়েছে। আশা করি, আজকের আলোচনার বিষয়গুলো তারা নিজেদের জীবনে কাজে লাগাবে।’
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। সচেতনতা সৃষ্টি, ভালো কাজে উৎসাহিত করা এবং সামাজিক ইতিবাচক পরিবর্তনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করাই আমাদের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন শিক্ষক নারায়ণ চন্দ্র পাল ও শাকিল আহমেদ; শিক্ষার্থী শেহেনা আক্তার, রোকেয়া আক্তার, ফারজানা আক্তার, জেহিন বেগম, তাওয়াককুল কারমান রাখাসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি সিরাজ খন্দকার ও সুস্মিতা হাজং; যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, রিজিলা হাজং ও শাপলা হাজং; সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সাজু, দপ্তর সম্পাদক সুমন মিয়া, ক্রীড়া সম্পাদক মো. মোবারক হোসেন, কর্ম ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক সংজ্ঞিতা দেবী, ইভেন্ট সম্পাদক সবিতা দেবী, সদস্য রস্মিতা হাজংসহ অন্যান্য নেতা।