বইমুখী তরুণ গড়তে গাবতলীতে শুভসংঘের পাঠচক্র
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
গাবতলীর পাঠাগারে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্রে অংশগ্রহণকারীরা।
তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার ও মননশীল সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ার গাবতলীতে পাঠচক্র করেছে বসুন্ধরা শুভসংঘ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার শহীদ জিয়াউর রহমান পাঠাগারে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ আয়োজন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ-তরুণীরা অংশ নেন। ‘রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইটি পাঠ ও আলোচনার মাধ্যমে তাঁরা নিজেদের মতামত তুলে ধরেন।
পাঠচক্রে বইটির বিষয়বস্তু ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট ব্যক্তিত্বের জীবন ও কর্ম সম্পর্কেও জানার সুযোগ পান।
বক্তারা বলেন, জ্ঞান অর্জন ও নিজেকে সমৃদ্ধ করার অন্যতম মাধ্যম বই। নিয়মিত বই পড়লে চিন্তার জগৎ প্রসারিত হয়, জানার আগ্রহ বাড়ে এবং যুক্তিনির্ভর ভাবনার বিকাশ ঘটে। দেশ-বিদেশের মনীষী ও স্বনামধন্য ব্যক্তিদের জীবনী পড়লে তাঁদের সংগ্রাম, আদর্শ, কর্ম ও সাফল্য সম্পর্কে জানা যায়। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তরুণেরা নিজেদের জীবন গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
বক্তারা আরও বলেন, বর্তমানে তরুণদের একটি বড় অংশ অবসর কাটান সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে। এ সময়ের একটি অংশ বই পড়ার জন্য বরাদ্দ রাখলে তাঁদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি হবে। এ জন্য শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, জীবনী, ইতিহাস, বিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের অন্যান্য বই পড়ার অভ্যাস গড়তে হবে। পাঠচর্চা বাড়াতে তরুণদের নিয়মিত পাঠাগারে যাওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে গাবতলী উপজেলায় পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় সাবেক মেয়র সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। তাঁরা বলেন, একটি পাঠাগার স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের জ্ঞানচর্চার সুযোগ তৈরি করে। এমন উদ্যোগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সবাইকে পাঠাগারমুখী হতে হবে।
পাঠচক্রে অংশগ্রহণকারীরা প্রত্যাশা করেন, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। একই সঙ্গে তৈরি হবে নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।