রক্তদানে প্রাণ বাঁচানোর অঙ্গীকার গাইবান্ধার তরুণদের
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম
গাইবান্ধায় রক্তদান বিষয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা।
স্বেচ্ছায় রক্তদানে তরুণদের উদ্বুদ্ধ করতে গাইবান্ধায় আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংগঠনটির সদর উপজেলা শাখার উদ্যোগে খোলা মাঠে এ আয়োজন করা হয়। এতে অংশ নেন নতুন স্বেচ্ছাসেবী ও শুভসংঘের বন্ধুরা। সভায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয় এবং নতুন স্বেচ্ছাসেবীরা রক্তদানের অঙ্গীকার করেন। জরুরি মুহূর্তে দ্রুত যোগাযোগের জন্য সংগ্রহ করা হয় তাঁদের নাম ও মুঠোফোন নম্বর।
নতুন স্বেচ্ছাসেবীরা ভবিষ্যতে নিজেরা রক্ত দেওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে অন্যদের জন্য রক্তের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। প্রত্যেকে নিজের যোগাযোগ নম্বর জমা দেন সংগঠনের বন্ধুদের কাছে। এর মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, যাতে প্রয়োজনের সময় সহজেই দাতাদের সঙ্গে যোগাযোগ করা যায়।
বক্তারা বলেন, রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষু রোগীর জীবন সংকটে পড়ে। দুর্ঘটনায় আহত ব্যক্তি, অস্ত্রোপচারের রোগী, প্রসূতি মা ও জটিল রোগে আক্রান্তদের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে স্বেচ্ছা রক্তদাতাদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। তরুণ সমাজ সচেতন ও মানবিক হলে রক্তের অভাবে কোনো রোগীকে চিকিৎসা থেকে বঞ্চিত হতে হবে না।
সভায় রক্তদানের উপকারিতা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কেও নতুন স্বেচ্ছাসেবীদের ধারণা দেওয়া হয়। প্রচলিত ভয় ও ভুল ধারণা দূর করে সুস্থ ও উপযুক্ত ব্যক্তিদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
‘এক ব্যাগ রক্তে বাঁচতে পারে প্রাণ’
শাখার সভাপতি মো. সামিউল বাসির বলেন, ‘রক্তদান করলে সাধারণত সুস্থ ও উপযুক্ত ব্যক্তির শরীরের কোনো ক্ষতি হয় না। শরীর নিয়মিত নতুন রক্তকণিকা তৈরি করে। তাই রক্তদানে ভয় না পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসা উচিত। আপনার দেওয়া এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই আসুন, রক্তদান করি, মানুষের পাশে দাঁড়াই।’
সহ-সভাপতি মো. সোহাগ ইসলাম বলেন, ‘রক্তের বিকল্প নেই। একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্ত অন্যের জীবন বাঁচাতে পারে। তাই সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের নিয়মিত রক্তদানে উৎসাহিত করতে হবে।’
সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম বলেন, ‘তরুণরাই সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। তাঁদের মধ্যে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ কাজ করছে। রক্তদানের মতো কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়লে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন শাখার আপ্যায়ন সম্পাদক মো. আতিকুর রহমান এবং সদস্য মো. হাবিবুর রহমান ও মো. সাদমান হোসেন। নতুন রক্তদাতা স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলেন জিহাদ মিয়া, মিজানুর রহমান, নুর আলম নেহান, আশিকুর রহমান, একরামুল ইসলাম, কবির হোসেন, শামিম মিয়া, মারুফ মিয়া, সুমন ইসলাম ও লিমন মিয়া।
বক্তারা নিয়মিত রক্তদাতা তৈরি, স্বেচ্ছাসেবীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে দ্রুত রক্তের ব্যবস্থা করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।