EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সবুজবাগে সমাজ বদলের প্রত্যয় বসুন্ধরা শুভসংঘের

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

সবুজবাগে সমাজ বদলের প্রত্যয় বসুন্ধরা শুভসংঘের

সবুজবাগে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা।

অ অ

সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে রাজধানীর সবুজবাগে মতবিনিময় সভা করেছে বসুন্ধরা শুভসংঘের সবুজবাগ থানা শাখা। মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এ সভায় থানা কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সংগঠনের ঢাকা মহানগর সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনা এবং থানা শাখার সভাপতি ইয়াছিন মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।

সভায় অতিথি ও শুভসংঘের সদস্যরা সংগঠনের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। স্থানীয় পর্যায়ে সামাজিক ও মানবিক উদ্যোগ কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, সে বিষয়ের বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসে।

বিশেষ করে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজের পরিধি বাড়ানো এবং স্থানীয় মানুষের কল্যাণে সবাই মিলে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল আলম, অ্যাডভোকেট মুত্তাকিন, নাছিমা বেগম, নুরুল হক ও খাইরুল বাহারসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তাঁদের অভিজ্ঞতা, পরামর্শ ও মতামত স্থানীয় পর্যায়ে শুভসংঘের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য শুধু কর্মসূচি আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও সংগঠনটির উদ্দেশ্য। একই সঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তনের পরিবেশ তৈরি করতে চায় তারা।

পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে এ মতবিনিময় সভা নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন সবুজবাগ থানা শাখার সহ-সভাপতি রাফিয়াতুজ জান্নাত, সহ-সাধারণ সম্পাদক ফারহানা, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিনা আক্তার এবং নারী ও শিশুবিষয়ক সম্পাদক সাজিয়া।

অন্যদের মধ্যে ছিলেন অর্থ সম্পাদক জিহাদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক ইমরান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আকাশ, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সোহাগ এবং সদস্য প্রশান্ত, নাছির ও অন্তু। এ ছাড়া মাসুম মোল্লা, সাইদুর রহমান ও তালহা মাহমুদসহ আরও অনেকে সভায় অংশ নেন।

আরও পড়ুন