আয় বন্ধ মিলনের, পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
মিলনের হাতে আর্থিক সহায়তা দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ।
আর্থিক সংকটে থাকা ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মিলনের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের ঢাকা কলেজ শাখা। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজের জুলাই একাডেমিক ভবনে সংগঠনটির পক্ষ থেকে তাঁর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পড়াশোনা অব্যাহত রাখা এবং ফরম পূরণের খরচের চাপ কিছুটা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়। টিউশনি ও খণ্ডকালীন চাকরির আয় বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি সংকটে পড়েছিলেন মিলন।
মিলনের বাবা পেশায় দিনমজুর। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার খরচ মিলনকে নিজেকেই বহন করতে হয়। অভাব-অনটন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। এত দিন টিউশনি ও খণ্ডকালীন চাকরি করে শিক্ষার ব্যয় মেটাতেন এই শিক্ষার্থী।
কিন্তু হঠাৎ টিউশনি চলে যায়। হাতে ছিল না খণ্ডকালীন চাকরিও। ফলে বন্ধ হয়ে যায় তাঁর আয়ের পথ। এর মধ্যেই চলে আসে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময়। আয় না থাকায় নতুন করে আর্থিক সংকটে পড়েন তিনি। এমন কঠিন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান শোভন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীবান্ধব একটি সামাজিক সংগঠন। আমরা সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানো আমাদের মানবিক কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।’
আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয়, সেই প্রত্যাশা থেকেই সংগঠনটির এ উদ্যোগ। সদস্যরা মনে করেন, সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে প্রতিকূলতার মধ্যেও মিলনের মতো শিক্ষার্থীদের শিক্ষাজীবন চালিয়ে যাওয়া সহজ হবে।
সহায়তা প্রদানকালে শাখার সহ-সভাপতি হুমায়ূন আহমেদ সামি ও মহাদেব কুমার উপস্থিত ছিলেন। আরও ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, মো. নাজমুল, মুদ্দাসির আহমেদ ও মেহেদী হাসান, প্রচার সম্পাদক রনি আহমেদ এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক মিঠু দাস।
সংগঠনের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিফাত হোসেন, শোয়েব শাকিল, নয়ন আলী, আরিফুল ইসলাম বকুল, মিরাজ হোসেন, জাকির হোসেন, সিয়াম হোসেন, শুভ ঘোষ, রাশেদুল ইসলাম, মো. শাহিন, জুয়েল মিয়া, হামজালা আরেফিন, ওমর ফারুক, ফজলুর রহমান শাকিব, আব্দুর সবুর, ওহিজ্জামান, মনি হাসান মারুফ, আশিকুর রহমান, মো. শরিফুল ইসলাম ও মাহবুবুর রহমান।