EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বিধবা আকলিমার ঘর মেরামতে পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট, পাবনা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

বিধবা আকলিমার ঘর মেরামতে পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

ছবি: ডেইলি সান

অ অ

পাবনার ভাঙ্গুড়ায় বিধবা আকলিমা খাতুনের (৬৫) ঘর মেরামতে সহযোগিতা করেছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির ভাঙ্গুড়া উপজেলা শাখার সদস্যরা ৫ হাজার টাকা ও এক বান্ডিল ঢেউটিন দিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।

আকলিমা খাতুনের নিজের কোনো ভিটেমাটি নেই। দীর্ঘদিন ধরে তিনি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর একটি ছোট কুঁড়েঘরে বসবাস করছেন। ছয় মাস আগে ঝড়ে বাঁধের পাশে থাকা একটি বাবলা গাছের ডাল ভেঙে তাঁর ঘরের টিনের চালের ওপর পড়ে। এতে ঘরটি ভেঙে যায়। অর্থাভাবে এত দিন সেটি মেরামত করতে পারেননি তিনি।

আকলিমা খাতুন ভাঙ্গুড়া উপজেলার ছোট বিশাকোল গ্রামের মৃত রবিউল ইসলামের স্ত্রী। তাঁর স্বামী গুমারি নদীতে নৌকা পারাপার করে জীবিকা নির্বাহ করতেন। তাঁদের তিন মেয়ে। এলাকার মানুষের সহযোগিতায় মেয়েদের বিয়ে দেন তাঁরা। দুই বছর আগে অসুস্থ হয়ে রবিউল ইসলাম মারা যান। এরপর থেকে স্থানীয়দের সহায়তায় কোনোমতে দিন কাটাচ্ছেন আকলিমা।

আকলিমার দুরবস্থার কথা ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মমতাজ উদ্দিন বসুন্ধরা শুভসংঘের সদস্যদের জানান। পরে সংগঠনের সদস্যরা তাঁর বাড়িতে গিয়ে পরিস্থিতি দেখেন। এরপর ঘর মেরামতের জন্য ৫ হাজার টাকা ও এক বান্ডিল ঢেউটিনের ব্যবস্থা করেন।

এ কাজে আর্থিক সহযোগিতা দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা প্রকৌশলী জাহিদ হাসান ও তাঁর মানবিক ও সামাজিক প্রতিষ্ঠান জহুরা আফজাল ফাউন্ডেশন।

শিক্ষক মমতাজ উদ্দিন বলেন, উপজেলার চলনবিল অধ্যুষিত খানমরিচ ও অষ্টমনীষা ইউনিয়নে অনেক দরিদ্র মানুষের বসবাস। তাঁদের আয়-রোজগার খুবই কম। বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে এসব মানুষের পাশে দাঁড়াচ্ছে।

তিনি জানান, এর আগে এলাকার দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ, শিক্ষার্থীদের গাছের চারা দেওয়া এবং অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা করেছে সংগঠনটি।

আরও পড়ুন