EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ইবিতে ‘মা-মেয়ের উপাখ্যান’ নিয়ে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র

ডেইলি সান রিপোর্ট, ইবি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

ইবিতে ‘মা-মেয়ের উপাখ্যান’ নিয়ে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র

ছবি: ডেইলি সান

অ অ

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও সাহিত্যচর্চায় আগ্রহ বাড়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘মা-মেয়ের উপাখ্যান’ নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ পাঠচক্রের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আগে সংগঠনের সদস্যদের উপন্যাসটি উপহার দেওয়া হয়। বইটি পড়ার পর সদস্যরা এর গল্প, চরিত্র, ঘটনাপ্রবাহ ও মানবিক দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নিজেদের পাঠ-অনুভূতি ও উপলব্ধি তুলে ধরেন।

আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধের ভয়াবহতা, মানুষের অসহায়ত্ব, নারীর আত্মত্যাগ, মাতৃত্বের মমতা ও মানবিক সম্পর্কের গভীরতা। সদস্যরা বলেন, যুদ্ধ মানুষের জীবন ও পরিবেশের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সম্পর্কেও গভীর ক্ষত তৈরি করে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও ভালোবাসা, মমতা ও মানবিকতা টিকে থাকে, যা উপন্যাসটিতে সুন্দরভাবে ফুটে উঠেছে।

উপন্যাসে অসহায় শিশুর প্রতি মায়ের মমতা, দায়িত্ববোধ ও ভালোবাসার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। সদস্যরা বলেন, রক্তের সম্পর্কের বাইরেও ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মধ্য দিয়ে মানুষের মধ্যে গভীর বন্ধন তৈরি হতে পারে।

পাঠচক্রে অংশগ্রহণকারীরা বলেন, ভালো বই মানুষকে জীবনের নানা বাস্তবতা নিয়ে ভাবতে শেখায়। এ উপন্যাসের মাধ্যমে মুক্তিযুদ্ধের মানবিক দিক, নারীর অবদান ও ভালোবাসার শক্তি সম্পর্কে নতুন উপলব্ধি তৈরি হয়েছে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাভাবনা প্রকাশ, যুক্তি উপস্থাপন ও সাহিত্য সম্পর্কে জানার সুযোগ তৈরি করে।

পাঠচক্রে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাজমুল হুসাইন, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ, দপ্তর সম্পাদক রায়হান খান সাগর, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মারজিয়া আক্তার দিশা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সবুজ আহমেদ, ইভেন্ট সম্পাদক নাফিজ আহমেদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হিরা মানিক, কার্যকরী সদস্য সাকিব মাহমুদ এবং সদস্য ইনসানা আক্তার, মীম আফরোজ ও আব্দুল হালিমসহ অন্য সদস্যরা।

সদস্যরা জানান, শিক্ষার্থীদের জ্ঞান, মননশীলতা ও মানবিক বোধ বাড়াতে ভবিষ্যতেও বিভিন্ন বই নিয়ে পাঠচক্র ও সাহিত্যবিষয়ক আয়োজন অব্যাহত রাখবেন তাঁরা।

আরও পড়ুন