বসুন্ধরা শুভসংঘের আয়োজন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাইবার ও সোশ্যাল মিডিয়া বিষয়ে সেমিনার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য, অনলাইন হয়রানি ও ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাইবার শিষ্টাচার, সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার ও নাগরিক দায়িত্ববোধবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এ বসুন্ধরা শুভসংঘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে শিক্ষার্থীদের দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার, অনলাইন আচরণবিধি, তথ্য যাচাই এবং ডিজিটাল নাগরিক হিসেবে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক কাজী মো. হাফিজুর রহমান। তিনি সাইবার শিষ্টাচারের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দিক এবং অনলাইন পরিসরে দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা সংবাদ শেয়ার করার আগে তার সত্যতা যাচাই, ভুয়া খবর ও গুজব থেকে সতর্ক থাকা, অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহারের ক্ষেত্রে সম্মতি নেওয়া এবং অনলাইন হয়রানি থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
একই সঙ্গে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ডিজিটাল মাধ্যমে শালীনতা ও মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন কেবল বিনোদন বা যোগাযোগের মাধ্যম নয়; এটি মানুষের মতপ্রকাশ, চিন্তাভাবনা ও সামাজিক অংশগ্রহণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখানে একজন ব্যবহারকারীর মন্তব্য, শেয়ার কিংবা প্রকাশিত তথ্য অন্যের ওপর প্রভাব ফেলতে পারে।
তারা আরও বলেন, প্রযুক্তি ব্যবহারে দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও দায়িত্ববোধ থাকা জরুরি। যাচাইহীন তথ্য প্রচার কিংবা অনলাইন আচরণে অসহিষ্ণুতা ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করতে পারে।
সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. শাহেদ আক্তার। তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু এর সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতার অভাবে ব্যক্তি ও সমাজ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, সাইবার শিষ্টাচার ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, সচেতনতা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ বিকাশেও কাজ করতে চায়। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এ ধরণের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রাকেশ রায়, সাংগঠনিক সম্পাদক আকাশ রয়, দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার বর্মন, সহ-ইভেন্ট সম্পাদক ওমর ফারুক, নারী বিষয়ক সম্পাদক পায়েল গুপ্তা, সহসাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মমো রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফাহিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সৌরভ দে, কার্যকরী সদস্য আশিকুর রহমান, ফাহিমা শেখ, সানজিদা মীম, ইপা সরকার, বিনুতি বিশ্বাসসহ সংগঠনের অন্য সদস্যরা।
সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা, অনলাইন শিষ্টাচার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।