বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ
দারুস সালামে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
শিক্ষার্থীদের মেধা, মনন ও সাধারণ জ্ঞানের বিকাশ, পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনে আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ দারুস সালাম থানা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) রাজধানী ঢাকার দারুস সালামের পাঞ্জেরী মডেল স্কুলে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সাধারণ জ্ঞান, শিক্ষা, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তাশক্তি যাচাইয়ের সুযোগ তৈরি করা হয়।
প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের মেধা প্রকাশের পাশাপাশি নতুন বিষয় জানার এবং শেখার আগ্রহ অর্জনের সুযোগ পায়।
আয়োজনটি বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় এবং দারুস সালাম থানা শাখার সভাপতি ইয়াসিন শেখ ও সাধারণ সম্পাদক তামিম ইসলাম এবাদতের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা বিকাশে শুধু শ্রেণিকক্ষের পাঠদানই যথেষ্ট নয়; পাশাপাশি সাধারণ জ্ঞান, সৃজনশীল চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও বাস্তবজ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন। কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে জানার আগ্রহ বাড়ায়, দ্রুত চিন্তা করার সক্ষমতা তৈরি করে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের জ্ঞান প্রকাশে উৎসাহিত করে।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি জ্ঞানভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ তৈরি করা জরুরি। কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন তাদের নতুন কিছু জানতে, চিন্তা করতে এবং নিজেদের যোগ্যতা প্রকাশ করতে উৎসাহিত করে। আমরা চাই, শিক্ষার্থীরা জ্ঞান, মানবিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক।”
দারুস সালাম থানা শাখার সভাপতি ইয়াসিন শেখ বলেন, “শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের কার্যক্রম তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করার পাশাপাশি আত্মবিশ্বাস ও মেধা বিকাশে সহায়ক হবে।”
সাধারণ সম্পাদক তামিম ইসলাম এবাদত বলেন, “শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও অংশগ্রহণমূলক শিক্ষামূলক আয়োজন প্রয়োজন। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের জ্ঞান যাচাই করার সুযোগ পায় এবং নতুন কিছু শেখার অনুপ্রেরণা লাভ করে।”
আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রশ্নের উত্তর দেওয়ার আগ্রহ এবং নতুন কিছু জানার উৎসাহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তোলা, ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারুস সালাম থানা শাখার সহ-সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক সোহান আহামেদ রিজন, ইভেন্ট সম্পাদক ফাতেমা শিরীন, প্রচার সম্পাদক মো. জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাদিয়া আফরিন নদী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসিবুল রহমান, আপ্যায়ন সম্পাদক হাওয়া মনি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফাতেমাতুল জান্নাতসহ সংগঠনের অন্যান্য সদস্য।
বসুন্ধরা শুভসংঘ মনে করে, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।