EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

আনন্দ মোহন কলেজে ভয়মুক্ত নির্বাচন নিয়ে প্রীতি বিতর্ক

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

আনন্দ মোহন কলেজে ভয়মুক্ত নির্বাচন নিয়ে প্রীতি বিতর্ক

আনন্দ মোহন কলেজে প্রীতি বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

অ অ

শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বুদ্ধিবৃত্তিক চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) কলেজের ডিবেটিং ক্লাব ও বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। 

বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে, ভয়মুক্ত নির্বাচনই প্রকৃত গণতন্ত্রের ভিত্তি’। এতে শিক্ষার্থীরা ভয়মুক্ত নির্বাচন, গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ ও পরমতসহিষ্ণুতার গুরুত্ব নিয়ে যুক্তি ও বিশ্লেষণ তুলে ধরেন।

সরকারি দলের হয়ে অংশ নেন রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের সাব্বির ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মরিয়ম খানম সাদিকা ও গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের জান্নাতুল নেছা লাম। তাঁদের স্ট্যান্ডবাই সদস্য ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নিশাত নাওয়াল ও অর্থনীতি বিভাগের শ্রাবণী বিশ্বাস।

বিরোধী দলের হয়ে অংশ নেন গণিত বিভাগের তৃতীয় বর্ষের মোহাম্মদ হাসান, অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের মোছাম্মৎ তামিমা ও ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ফাতেমা তুজ জোহরা। তাঁদের স্ট্যান্ডবাই সদস্য ছিলেন গণিত বিভাগের তাহমিনা সুলতানা প্রমী।

উভয় দল নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি, তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করে। আয়োজকেরা দুই দলের উপস্থাপনাকে সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেন। বিজয়ী নির্ধারণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন মতপ্রকাশ, যুক্তিনির্ভর আলোচনা, পরমতসহিষ্ণুতা ও গঠনমূলক সমালোচনার চর্চা গড়ে তোলাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নওরীন সামান্তা সৌমি বলেন, ‘বিতর্ক কেবল নিজের মতামত প্রতিষ্ঠার মাধ্যম নয়, অন্যের মতামতকে যৌক্তিকভাবে উপলব্ধি করারও গুরুত্বপূর্ণ অনুশীলন। সুস্থ ও গণতান্ত্রিক সমাজ গঠনে যুক্তিবোধ, সহনশীলতা এবং স্বাধীনভাবে মতপ্রকাশের সক্ষমতা অত্যন্ত জরুরি।’

শিক্ষার্থী উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের চিন্তার জগৎ প্রসারিত করে এবং যুক্তির মাধ্যমে মতামত প্রকাশের আত্মবিশ্বাস তৈরি করে।’

শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীরা প্রশ্ন করতে শিখুক, যুক্তি দিয়ে কথা বলতে শিখুক এবং ভিন্নমতকে সম্মান করার মানসিকতা অর্জন করুক।’

ছয় বিতার্কিককে উৎসাহ দিতে উপহার হিসেবে বই দেওয়া হয়। বইগুলোর লেখকদের মধ্যে ছিলেন বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক মিলন, হুমায়ূন আহমেদ ও আহমদ ছফা।

অনুষ্ঠানে শিক্ষার্থী উপদেষ্টা ফারজানা জেনী ও সৌমত্তা আয়ন সুমন, সহসভাপতি মাহমুদুল হাসান ও আনিতুর রহমান সাদিসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুন