পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হাকিমপুরে শুভসংঘের সেমিনার
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম
হাকিমপুরে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল শুভসংঘ।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে দিনাজপুরের হাকিমপুরে সেমিনার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির পরিবেশ পরিষ্কার রাখতে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
রবিবার (২২ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিশাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও হিলি পাবলিক স্কুলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নিজেদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্ক ও ক্যাপসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিশাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ শ্রেণিকক্ষ, বিদ্যালয় প্রাঙ্গণ ও বাড়িঘর পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। ছোট ছোট এসব উদ্যোগের মধ্য দিয়েই পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব।
হিলি পাবলিক স্কুলের অধ্যক্ষ এফ এম রাফেউল করিম বলেন, বসুন্ধরা শুভসংঘের সামাজিক ও মানবিক কার্যক্রম প্রশংসনীয়। সংগঠনটির তরুণ সদস্যরা আর্থিক লাভের প্রত্যাশা ছাড়াই স্বেচ্ছাশ্রমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হয়েছে যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দায়িত্ব শুধু কোনো সংগঠনের সদস্যদের নয়, প্রত্যেক শিক্ষার্থীও নিজ অবস্থান থেকে এ কাজে অবদান রাখতে পারে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি মোসাম্মৎ খাতিজা আক্তার জুই, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, কার্যকরী সদস্য মুন্না ইসলাম ও মেজবুর রহমান সানিসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।