হালুয়াঘাটে শুভসংঘের নাইট ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ব্যঞ্জনা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রা।
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে দুই দিনব্যাপী নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোম ও মঙ্গলবার (১৬ ও ১৭ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে ব্যঞ্জনা।
রাতের আলোকোজ্জ্বল মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এর মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার চেষ্টা করা হয়।
ইনভিন্সিবল, ডেঞ্জার, স্ম্যাশ, ব্যঞ্জনা, টাইটান ও নাইট নামের ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রাথমিক পর্বের খেলা হয়।
প্রথম গ্রুপ
ইনভিন্সিবল ১৫-১২ পয়েন্টে ডেঞ্জারকে ও ১৫-৭ পয়েন্টে স্ম্যাশকে হারায়।
ডেঞ্জার ১৫-১৩ পয়েন্টে স্ম্যাশকে হারায়।
দ্বিতীয় গ্রুপ
ব্যঞ্জনা ১৫-৮ পয়েন্টে টাইটানকে ও ১৫-১১ পয়েন্টে নাইটকে হারায়।
টাইটান ১৫-১২ পয়েন্টে নাইটকে হারায়।
গ্রুপ পর্ব শেষে সেমিফাইনালে মুখোমুখি হয় ইনভিন্সিবল ও টাইটান এবং ব্যঞ্জনা ও ডেঞ্জার। সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠে ব্যঞ্জনা। চূড়ান্ত পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় দলটি।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফি দেওয়া হয়। দুই দলের অধিনায়ককে মেডেল ও ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। ছয়টি দলের মোট ১২ জন খেলোয়াড়কে মেডেল দেওয়া হয়। ম্যান অব দ্য ম্যাচ হিসেবে জিয়াদুজ্জামান শিহাব বিশেষ ট্রফি পান।
টুর্নামেন্টের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি জাহিদুজ্জামান শিহাব। পুরো প্রতিযোগিতার পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম তামিম।
উপস্থিত থেকে খেলায় অংশ নিয়ে ও আয়োজনে সহযোগিতা করেন সহ-সভাপতি আবু সাঈদ, অর্ঘ্য ভৌমিক ও নৃত্যুন ভট্টাচার্য। আরও ছিলেন লিওন মিয়া, শুভ ইসলাম, ফারুক মিয়া, ইউসুফ খান, রায়হান খান পাঠানসহ সংগঠনের অন্য সদস্যরা।
আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে তামিম বলেন, ‘তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই ছিল আমাদের এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সবার সহযোগিতা ও অংশগ্রহণে দুই দিনব্যাপী টুর্নামেন্টটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।’
শাখার উপদেষ্টা নাফিউল হাসান মুবিন বলেন, ‘খেলাধুলা তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, তরুণ প্রজন্ম মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকুক। তারা খেলাধুলা, সংস্কৃতি এবং সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করুক। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও হালুয়াঘাটে তরুণদের নিয়ে এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।’
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘ দেশজুড়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে শিক্ষা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতি ও ক্রীড়া। হালুয়াঘাটের এই ব্যাডমিন্টন প্রতিযোগিতাও তেমনই একটি উদ্যোগ।