ববিতে বসুন্ধরা শুভসংঘের বিতর্কে চ্যাম্পিয়ন আইন বিভাগ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি ও শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তার বিকাশে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘের ববি শাখার আয়োজনে ছায়া সংসদ পদ্ধতির এ প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা বক্তা নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন।
বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিরোধী দল ছিল আইন বিভাগ। দুই দলের মোট ছয় বিতার্কিকের যুক্তি, পাল্টা যুক্তি ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজন মুখর হয়ে ওঠে।
সরকারি দলের পক্ষে বিতর্ক করেন রবিউল সিকদার, নাফিসা আনোয়ার নাবিলা ও সাইমা চৈতি। বিরোধী দলের পক্ষে ছিলেন মো. সাব্বির হোসেন, মো. মানজারুল হক ও কাজী গালিব।
স্পিকারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মেহেদি হাসান সোহাগ। বিচারক ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক নাফিস মোহাম্মদ মিকাইল ও বর্তমান সভাপতি শাকিল আহমেদ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ ববি শাখার সাধারণ সম্পাদক মেহরাব হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সঞ্চিতা দত্ত।
প্রধান অতিথি ছিলেন শুভসংঘের ববি শাখার উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সৌরিয়া আক্তার। অতিথি হিসেবে আরও ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বরিশাল অফিস প্রধান সাইদ মেমন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও এনটিভিতে কর্মরত ইমরুল কায়েস। অনুষ্ঠানে শুভসংঘের অন্য সদস্য ও সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. ফরহাদ উদ্দিন শুভসংঘের উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ায় এবং যুক্তির মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের পথ দেখায়।’
বিশেষ অতিথি সৌরিয়া আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নতুন এসে অনেক শিক্ষার্থী নানা কারণে মানসিক অবসাদে ভোগেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে দারুণ সহায়তা করে। তাদের এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে।’