শিক্ষার্থী শাহীনের পড়াশোনার স্বপ্নপূরণে পাশে বসুন্ধরা শুভসংঘ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
অভাব-অনটনের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন ভাষানটেক সরকারি কলেজের শিক্ষার্থী শাহীন খা। পরিবারের সীমিত আয়ের কারণে প্রয়োজনীয় বই কেনা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল। শাহীনের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ কিছুটা সহজ করতে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে শাহীনের হাতে কলেজের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই তুলে দেওয়া হয়।
শাহীন খার মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন। তাঁর বাবা অটোরিকশা চালিয়ে সংসারের খরচ জোগান। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার প্রয়োজনীয় বই কেনা পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। তবে আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পড়াশোনা করে ভালো কিছু করার স্বপ্ন দেখেন শাহীন।
বসুন্ধরা শুভসংঘের কাছ থেকে বই উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন শাহীন। তিনি বলেন, ‘আমার বাবা অটোরিকশা চালান আর মা মানুষের বাসায় কাজ করেন। তাঁরা অনেক কষ্ট করে আমাদের সংসার চালান। সংসারের খরচ মিটিয়ে আমার পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব বই কিনে দেওয়া তাঁদের পক্ষে কঠিন। কিন্তু আমার খুব ইচ্ছা পড়াশোনা করে ভালো কিছু করার। আজ বসুন্ধরা শুভসংঘ আমাকে প্রয়োজনীয় বই দিয়েছে। এতে আমার অনেক উপকার হলো। আমি মন দিয়ে পড়াশোনা করে বাবা-মায়ের কষ্টের প্রতিদান দিতে চাই। বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি কৃতজ্ঞ।’
শাহীন খার পড়াশোনার স্বপ্ন পূরণে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ তাঁর শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।