শুভসংঘের ভবিষ্যৎ পরিকল্পনায় কেন্দ্রীয় কমিটির মতবিনিময়
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভায় বক্তব্য দিচ্ছেন ইমদাদুল হক মিলন।
বসুন্ধরা শুভসংঘের চলমান কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় কমিটির সদস্যরা কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও আগামীর পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করাই ছিল সভার লক্ষ্য।
সভায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান মানবিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নারীর স্বাবলম্বিতা, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং স্বেচ্ছাসেবায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সদস্যরা নিজ নিজ অভিজ্ঞতা ও নতুন উদ্যোগের প্রস্তাব তুলে ধরেন। তৃণমূল পর্যায়ের কমিটিগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো, নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর বিষয়ে মতামত দেন তাঁরা।
সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও শুভসংঘ প্রধান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শামীম আল মামুন, সাধারণ সম্পাদক রানা মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও সাকিব ইসলাম শুভ, সমাজকল্যাণ সম্পাদক জয়নাথ, আপ্যায়ন সম্পাদক মুসলেমিনা সুলতানা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ্ মো. হাসিবুর রহমান হাসিবসহ কমিটির অন্য সদস্যরা।
সভায় ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়, এটি মানবিক মানুষ গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম। আমরা চাই, দেশের প্রতিটি তরুণ ভালো কাজের সঙ্গে যুক্ত হোক। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বক্তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভায় আগামী দিনের কার্যক্রম আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন কেন্দ্রীয় কমিটির সদস্যরা।