হরিরামপুরে অসহায় বেদেনা সরকারের পাশে শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
বেদেনা সরকারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন শুভসংঘের সদস্যরা।
মানিকগঞ্জের হরিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামীর পা ভেঙে যাওয়ায় আর্থিক সংকটে পড়া বেদেনা সরকারের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামে তাঁর বাড়িতে গিয়ে সংগঠনের হরিরামপুর উপজেলা শাখার সদস্যরা পরিবারটির হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে পরিবারটির একমাত্র উপার্জনের পথ। মানসিক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চরম অনটনে দিন কাটছে তাঁদের।
পরিবারটিকে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, পেঁয়াজ, আলু, মুরগি এবং মরিচ, হলুদ ও মরিচের গুঁড়া দেওয়া হয়। এর সঙ্গে ছিল সাবান, কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার ও নগদ অর্থ।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত বেদেনা সরকার বলেন, ‘আমার স্বামী রিকশা চালিয়ে সংসার চালাতেন। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তাঁর পা ভেঙে গেছে। ছেলেটিও মানসিক প্রতিবন্ধী। পরিবারে আয় করার মতো আর কেউ নেই। এই খাদ্যসামগ্রী পেয়ে অনেক উপকার হলো। কয়েক দিন অন্তত খাবারের চিন্তা করতে হবে না। বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি কৃতজ্ঞ।’
এ সময় উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা মেহেদী হাসান টুটুল ও শুভংকর পোদ্দার, সভাপতি সজিব গুহ মজুমদার, সাধারণ সম্পাদক সায়েম খান, দপ্তর সম্পাদক মো. আকাশ আলী এবং অর্থ সম্পাদক দীপংকর মন্ডল।
উপদেষ্টা মেহেদী হাসান টুটুল বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে পারলে মানুষের কষ্ট কিছুটা হলেও কমে।’
সাধারণ সম্পাদক সায়েম খান বলেন, ‘একটি অসহায় পরিবার যেন অন্তত কয়েক দিন খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে স্বস্তিতে থাকতে পারে, সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
সভাপতি সজিব গুহ মজুমদার বলেন, ‘অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বসুন্ধরা শুভসংঘের অন্যতম লক্ষ্য। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও যেন এমন পরিবারগুলোর পাশে দাঁড়ান।’