রক্তদানে তরুণদের উদ্বুদ্ধ করতে ঢাবিতে শুভসংঘের উদ্যোগ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
ঢাবিতে শুভসংঘের রক্ত পরীক্ষা ও রক্তদান কর্মসূচিতে শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের শতবর্ষী মনুমেন্টের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তুলতে এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে কবি জসীমউদ্দীন হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও শামসুন্নাহার হলের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাবি শাখার সভাপতি আব্দুল মমিন, সহ-সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক রিয়াদুস সালেহীন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও শাকিল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক প্রতীক্ষা রানী। এ ছাড়া সংগঠনের সাধারণ সদস্যরাও ছিলেন।
আয়োজকেরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং জরুরি প্রয়োজনে রক্তদাতাদের এগিয়ে আসতে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, অনেকেই নিজের রক্তের গ্রুপ জানেন না। এ ধরনের বিনামূল্যের কর্মসূচিতে তাঁরা যেমন নিজেদের রক্তের গ্রুপ জানতে পারেন, তেমনি রক্তদানের গুরুত্ব সম্পর্কেও সচেতন হন।
শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, ‘অনেকের রক্ত দেওয়ার ইচ্ছা থাকলেও সঠিক তথ্য ও সুযোগের অভাবে তা সম্ভব হয় না। আজকের কর্মসূচি সেই সুযোগ তৈরি করে দিয়েছে। এটি নিয়মিত আয়োজন করা হলে অনেক মানুষ উপকৃত হবেন।’
সভাপতি আব্দুল মমিন বলেন, ‘রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন বিপন্ন না হয়, সে জন্য তরুণদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা জরুরি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।’