EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

শিশুদের মেধা বিকাশে বসুন্ধরা শুভসংঘের নানা আয়োজন

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

শিশুদের মেধা বিকাশে বসুন্ধরা শুভসংঘের নানা আয়োজন

ছবি: সংগৃহীত

অ অ

শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে লালমনিরহাটে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (১০ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে পিস ইন্টারন্যাশনাল স্কুলে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, মার্বেল দৌড়, বেলুন দৌড় ও বুদ্ধির পরীক্ষা। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

বিস্কুট দৌড়ে প্লে-গ্রুপ থেকে প্রথম হয় হোময়রা, দ্বিতীয় আরাক ও তৃতীয় তামিম। বুদ্ধির পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে মুসাদ্দিক, মাহিয়া ও আয়ান। চকলেট দৌড়ে নার্সারি গ্রুপ থেকে প্রথম হয় জীম, দ্বিতীয় আবাবিল ও তৃতীয় ইশা।

এ ছাড়া মার্বেল দৌড়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রথম হয় হাবিবা, দ্বিতীয় মেহবুবা ও তৃতীয় জীম। বেলুন দৌড়ে প্রথম হয় আরশ, দ্বিতীয় তাওহীদ ও তৃতীয় মামুন।

পিস ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। তিনি বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগকে স্বাগত জানান।

বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম রহমান বলেন, শিশুদের মেধা ও মননের বিকাশে পাঠ্যবইয়ের বাইরেও সৃজনশীল ও আনন্দময় পরিবেশ প্রয়োজন। প্রতিটি শিশু যেন নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই বসুন্ধরা শুভসংঘ এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান বিপ্লবী আক্তার, প্রশাসনিক কর্মকর্তা এন্তাজুর রহমান এবং সহকারী শিক্ষক আয়শা সিদ্দিকা, কাঞ্চন বিশ্বাস, নওশীন, কৌশিক হোসেন, সামিউল হোসেন, আবুল হোসেন ও জাহিদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, সাধারণ সম্পাদক নাঈম রহমান, সদর উপজেলা শাখার সহসভাপতি মো. ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক সজীব চক্রবর্তী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আরিফুর রহমান অমি এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক নোবেল সরকার নীরবসহ সংগঠনের অন্য সদস্যরা।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন