শিবগঞ্জে অসুস্থ নেস মোহাম্মদের চলার সঙ্গী হলো বসুন্ধরা শুভসংঘের হুইলচেয়ার
ডেইলি সান রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
ব্রেইন স্ট্রোকের পর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না দিনমজুর নেস মোহাম্মদ। একসময় শ্রম বিক্রি করে সংসার চালালেও এখন চলতে হয় অন্যের সহযোগিতায়। পরিবারের আর্থিক অসচ্ছলতায় চিকিৎসা কিংবা একটি হুইলচেয়ার কেনাও সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে তাঁর চলাচলের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির পক্ষ থেকে তাঁকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের দুবলী ভান্ডার গ্রামের নেস মোহাম্মদের হাতে হুইলচেয়ারটি তুলে দেয় বসুন্ধরা শুভসংঘের শিবগঞ্জ উপজেলা কমিটি। হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কান্নায় ভেঙে পড়ে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের জন্য দোয়া করেন।
নেস মোহাম্মদ একসময় দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। কয়েক মাস আগে ব্রেইন স্ট্রোক করার পর থেকে তাঁর স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে যায়। শারীরিক অসুস্থতার কারণে কাজ করার সক্ষমতাও হারিয়েছেন তিনি। তাঁর সন্তানরাও দিনমজুরের কাজ করেন। তাঁদের সামান্য উপার্জনে সংসারের খরচ মেটানোই কঠিন। ফলে বাবার চিকিৎসা কিংবা প্রয়োজনীয় হুইলচেয়ার কেনার সামর্থ্য নেই পরিবারের।
এ অবস্থায় নেস মোহাম্মদের চলাচলের কষ্টের কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বসুন্ধরা শুভসংঘের শিবগঞ্জ উপজেলা কমিটি। হুইলচেয়ারটি পেয়ে তাঁর দীর্ঘদিনের চলাচলের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা করছেন স্বজন ও শুভসংঘের সদস্যরা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি হাজী হালিম রাজ ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন কমিটির উপদেষ্টা হাজী মো. তাহির হোসেন।
সভাপতি হাজী হালিম রাজ বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। সমাজের অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে প্রত্যেকেরই নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। নেস মোহাম্মদের চলাচলের কষ্টের কথা বিবেচনায় নিয়ে তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। একটি হুইলচেয়ার তাঁর চলাফেরায় কিছুটা স্বস্তি দেবে এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়ক হবে বলে আমরা আশা করি। বসুন্ধরা শুভসংঘ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের সামান্য সহযোগিতায়ও জীবনের বড় কোনো কষ্ট লাঘব হতে পারে। নেস মোহাম্মদের প্রয়োজনের কথা জানতে পেরে আমরা তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। সমাজের অসহায় মানুষের প্রয়োজন চিহ্নিত করে তাঁদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনায় আমরা সচেষ্ট থাকব।
ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপদেষ্টা হাজী মো. তাহির হোসেন বলেন, মানবিক কাজে অংশ নেওয়ার মধ্যে যে আত্মিক প্রশান্তি রয়েছে, তা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানো কিংবা তাঁর কষ্ট কিছুটা লাঘব করার চেয়ে তৃপ্তির বিষয় আর কিছু হতে পারে না। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। সম্মিলিত উদ্যোগেই একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।