EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ঢাবিতে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা উন্নয়নে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ

ডেইলি সান রিপোর্ট, ঢাবি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

ঢাবিতে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা উন্নয়নে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ
অ অ

শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট সেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এতে কার্যকর যোগাযোগ, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা এবং নিজেকে যথাযথভাবে উপস্থাপনের বিভিন্ন কৌশল শেখানো হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব (ডিইএলসি) ও ওয়ান একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হীরা সরকার।

সেশনে শিক্ষার্থীদের কার্যকর যোগাযোগ, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা এবং যথাযথভাবে নিজেকে উপস্থাপনের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া বাচনিক ও অবাচনিক যোগাযোগ, শারীরিক ভাষা (বডি ল্যাঙ্গুয়েজ), মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা এবং কণ্ঠস্বরের ওঠানামা ও ব্যবহারের কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগাযোগের দুর্বলতা চিহ্নিত করার সুযোগ পান।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সেশনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাথী আক্তার বলেন, ‘এখানে প্রাথমিক আলোচনা হলেও তা বেশ কার্যকর ছিল। সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমরা নিজেদের যোগাযোগের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পেরেছি। ভবিষ্যতে এসব জায়গায় উন্নতি করতে পারলে যোগাযোগের ক্ষেত্রে আরও দক্ষ হয়ে উঠতে পারব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মমিন, সিনিয়র সহসভাপতি উসয়াতুন হাসানা হাসি, সহসভাপতি আজিজুল হাকিম, শিরিন আক্তার ও প্রিয়া খাতুন, নুসরাত ঐশি, সহসাধারণ সম্পাদক হানিফ আলী, সহসাংগঠনিক সম্পাদক কেন্টন চাকমা ও সামিয়া তাসনীম সুভী। এ ছাড়া সাধারণ সদস্য বৈশাখী, সিরাজুম মুনিরা, সানজিদা আক্তার, মিম আক্তার, মারিয়া, ইতি খাতুন, নিশাত, মুত্তাকিনা ও আফসানা খাতুন উপস্থিত ছিলেন।

বসুন্ধরা শুভসংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জানিয়েছে, শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের প্রয়োজনীয় দক্ষতা বিকাশে নভেম্বর ও ডিসেম্বর মাসে মোট তিনটি কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবারের প্রশিক্ষণ সেশনটি ছিল এ কর্মসূচির প্রথম আয়োজন।

শাখাটির সভাপতি আব্দুল মমিন বলেন, ‘যোগাযোগ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা যোগাযোগে দক্ষ না হলে একাডেমিক ও পেশাগত জীবনে নানা সমস্যার মুখে পড়তে হয়। যোগাযোগ দক্ষতা অর্জন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আমরা শিক্ষার্থীদের এ বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যাতে তারা নিজেদের উন্নয়নের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা পেতে পারে।’

সেশন পরিচালক মোহাম্মদ হীরা সরকার বলেন, ‘যোগাযোগ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সফট স্কিল। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে কার্যকরভাবে যোগাযোগ করতে হয়, তা নিয়েই এ আয়োজনে আলোচনা করা হয়েছে। হাতে-কলমে যোগাযোগের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের এ বিষয়ে এক শতাংশ হলেও শেখানো, যা ভবিষ্যতে তাদের দক্ষতা বিকাশের পাথেয় হতে পারে।’

আরও পড়ুন