বোয়ালমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সেমিনার
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে ছাত্রীদের সচেতন করতে ফরিদপুরের বোয়ালমারীতে সেমিনারের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক ছাত্রী অংশ নেয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালমারী জর্জ একাডেমির দশম শ্রেণির একটি কক্ষে ‘বাল্যবিবাহের কুফল ও বাল্যবিবাহকে না বলা’ প্রতিপাদ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাল্যবিবাহের শারীরিক, মানসিক, সামাজিক ও শিক্ষাগত ক্ষতিকর দিক তুলে ধরেন বসুন্ধরা শুভসংঘের বোয়ালমারী শাখার উপদেষ্টা ও শাহ জাফর টেকনিক্যাল কলেজের প্রভাষক নাসরিন আক্তার। তিনি শিক্ষার্থীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে অনেক মেয়ের শিক্ষাজীবন থেমে যায়। বাধাগ্রস্ত হয় তাদের স্বাভাবিক বিকাশ ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ। এ সমস্যা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও মানসিকতার পরিবর্তন জরুরি।
তারা আরও বলেন, পরিবার বা সমাজের কেউ অল্প বয়সে বিয়ের উদ্যোগ নিলে শিক্ষার্থীদের সচেতনভাবে প্রতিবাদ করতে হবে। পাশাপাশি সহপাঠী ও আশপাশের মেয়েদেরও বাল্যবিবাহের ঝুঁকি সম্পর্কে জানাতে হবে।
সেমিনারে বক্তব্য দেন বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অনিকসহ সংগঠনের স্থানীয় নেতারা।