মনিরামপুরে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র ও সাহিত্য আড্ডা
ডেইলি সান রিপোর্ট, মনিরামপুর (যশোর)
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা নিয়ে যশোরের মনিরামপুরে পাঠচক্র ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মনিরামপুর পৌর শহরের তাহেরপুরস্থ সালাম কটেজ চত্বরে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের বহুল আলোচিত ‘মানুষ’ কবিতাকে কেন্দ্র করে আয়োজিত এ পাঠচক্রে মানবতাবোধ, সাম্য এবং সামাজিক বৈষম্য দূর করার বিষয়ে আলোচনা করেন বক্তারা।
বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশ। প্রধান আলোচক ছিলেন তরুণ উদ্যোক্তা ও শিক্ষক সজীব রায়।
আলোচনায় বক্তারা বলেন, ‘মানুষ’ শুধু একটি কবিতা নয়, এটি মানবতা, সাম্য, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দলিল। ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণিভেদের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার যে চিরন্তন শিক্ষা নজরুল দিয়েছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
প্রধান আলোচক সজীব রায় বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নিয়মিত বিভিন্ন ধরনের সাহিত্য ও মননশীল বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাঠচক্র তরুণদের চিন্তার পরিধি বাড়ানোর পাশাপাশি নিজেদের মতামত সাহসের সঙ্গে প্রকাশ করতে সহায়তা করে।
অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থী হোসাইন আহমেদ বলেন, নজরুলের ‘মানুষ’ কবিতা আমাদের শিখিয়েছে, সবার ওপরে মানুষ সত্য। সমাজের ভেদাভেদ ভুলে কীভাবে মানবিক ও সমতার সমাজ গড়ে তোলা যায়, তা এ আয়োজন থেকে উপলব্ধি করা সম্ভব হয়েছে।
সভাপতির বক্তব্যে এস এম হাফিজুর রহমান বলেন, বই মানুষের চিন্তাকে আলোকিত করে এবং সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তরুণদের মধ্যে বইপড়ার অভ্যাস ও মুক্তচিন্তার পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।
দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার বলেন, তারুণ্যের হাত ধরেই যুগে যুগে সমাজ পরিবর্তনের সূচনা হয়েছে। মনিরামপুরের তরুণেরা বসুন্ধরা শুভসংঘের ব্যানারে যেভাবে সাহিত্যচর্চা ও পাঠাভ্যাসে নিজেদের সম্পৃক্ত করেছে, তা আশাব্যঞ্জক। এ ধরনের সৃজনশীল চর্চা আগামী দিনে আলোকিত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক দেলোয়ার হোসেন, রিফাত হোসেন, সৌরভ রায় ও শুভ রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি ডা. হাবিবুর রহমান, মো. হাদীউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক প্রবীর রায়, সদস্য কাইয়ুম হাসান শিমুল, স্বপ্নীল মল্লিক রিজু, তিয়াশা খাতুন, পূজা পাল, অর্ঘ মিত্র, তন্ময় দাস, এস এম আনাস, অমিলন সরকার জয়, মাশরুর হোসেন তোজো, শোভন পাল, মোহাম্মদ তাইফুর রহমান, রাহুল হাসান ফাহিম ও রিয়াদুজ্জামান বাবুসহ অনেকে।
শেষে অংশগ্রহণকারীদের উন্মুক্ত আলোচনা ও বইয়ের বিভিন্ন পঙক্তি নিয়ে সাহিত্য আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।