EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নেত্রকোনায় মিনি ফুটবলে চ্যাম্পিয়ন সাতপাই স্পোর্টিং ক্লাব

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

নেত্রকোনায় মিনি ফুটবলে চ্যাম্পিয়ন সাতপাই স্পোর্টিং ক্লাব
অ অ

নেত্রকোনায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পশ্চিম নাগড়া মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সাতপাই স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেলে পশ্চিম নাগড়া খেলার মাঠে ফাইনালে মোয়াজ্জেম ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারে ৩-১ গোলে হারায় তারা।

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া থেকে তরুণদের দূরে রাখতে এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখা এ আয়োজন করে। টুর্নামেন্টে অংশ নেয় মোট ১৬টি দল।

দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ফাইনালে টানটান উত্তেজনা ছিল। নির্ধারিত সময়ে ফল নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে জিতে শিরোপা নিশ্চিত করে সাতপাই। প্রিয় দলের জয়ে উল্লাসে মাতেন সমর্থকেরা। ধারাভাষ্যে দর্শকদের মাতিয়ে রাখেন সোহেল রানা।

জেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহ আল মামুন খান রনি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ফুটবলার হায়দার জাহান চৌধুরী এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। আমন্ত্রিত অতিথি ছিলেন নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের ও সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ।

অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। স্থানীয় পর্যায়ের ক্রীড়া আয়োজন তরুণ প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। তরুণদের মাঠে সম্পৃক্ত রাখতে পরিবার, সমাজ ও সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে।

বসুন্ধরা শুভসংঘ নেত্রকোণা জেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। তিনি প্রতি বছরের ন্যায় ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পুরস্কার দেন। এলাকার ঐতিহ্যবাহী টাইগার টিমের দুই সাবেক ফুটবলারকে সম্মাননা স্মারক দেওয়া হয়। আব্দুর রহমান বলেন, প্রতি বছরের মতো ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুন