EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের চিত্রাঙ্কনে ফুটল হেমন্তের প্রকৃতি

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের চিত্রাঙ্কনে ফুটল হেমন্তের প্রকৃতি

হেমন্তের প্রকৃতি আঁকছে ব্রাহ্মণবাড়িয়ার শিশুরা।

অ অ

ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ‘হেমন্তের প্রকৃতি’ বিষয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় রং-তুলিতে বাংলার ঋতুবৈচিত্র্য ফুটিয়ে তুলেছে ৭০ জনের বেশি শিশু। সহযোগিতায় ছিল ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম।

কোনো ক্যানভাসে সোনালি ধানের মাঠ, কোনোটিতে ধান কাটার দৃশ্য। কারও ছবিতে শিশিরভেজা ঘাস, আবার কারও আঁকায় কুয়াশামাখা সকাল। কেউ এঁকেছে গোলাভরা ধানের স্বপ্ন, কেউ ভোরের নরম রোদ আর হালকা কুয়াশা। নিজেদের কল্পনা ও অভিজ্ঞতা থেকে প্রত্যেকে সাজিয়েছে আলাদা ছবি। বয়সে ছোট হলেও প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা ও উপলব্ধির প্রকাশ ছিল চোখে পড়ার মতো। বেলা তিনটায় আয়োজন শুরুর কথা থাকলেও আড়াইটা থেকেই শিশুরা আসতে শুরু করে।

প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু। শুরুতে তিনি প্রকৃতি ও হেমন্তের রূপ নিয়ে আলোচনা করেন। পুরস্কার বিতরণী পর্বে তিনি শীতকে কেন্দ্র করে এমন আরেকটি আয়োজনের আহ্বান জানান। আয়োজনের সমন্বয় করেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা বিশ্বজিৎ পাল বাবু। চিত্রশিল্পী অনিক পাল, প্রণয় সাহা, মিলি দত্ত ও জুঁই মল্লিক বিচারকের দায়িত্ব পালন করেন।

অভিভাবকেরা বলেন, শিশুদের শুধু বইয়ের পাতায় নয়, বাস্তব প্রকৃতির সঙ্গেও পরিচিত হওয়া দরকার। এ ধরনের আয়োজন তাদের পর্যবেক্ষণ, কল্পনাশক্তি ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের কাছে দিনটি হয়ে ওঠে প্রকৃতিকে নতুন করে আবিষ্কারের অভিজ্ঞতা।

প্রতিযোগিতায় মোট ১২টি পুরস্কার দেওয়া হয়। কাঠবিড়ালি গ্রুপে প্রথম হয়েছে আহনাফ আদিব, দ্বিতীয় আয়াতুন নূর ইনায়া ও তৃতীয় অরিত্র দেবনাথ। ক, খ ও গ গ্রুপে প্রথম হয়েছে যথাক্রমে আশফিলা আফরিন তোহা, আয়ূষ রায় ও শাহারিন ইসলাম সাহারা। দ্বিতীয় হয়েছে যথাক্রমে মুহাইমিনুল হুদা, ফাতিহা রহমান ও জেনিছা ইসলাম। তৃতীয় হয়েছে যথাক্রমে শ্রেষ্ঠা, প্রলয় দাস ও রোকাইরা রহমান।

আরও পড়ুন