জয়পুরহাটে পক্ষাঘাতগ্রস্ত আত্তাব আলীর পাশে বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
আত্তাব আলী ও সেফালীর হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন শুভসংঘের সদস্যরা।
জয়পুরহাটের ক্ষেতলালে পক্ষাঘাতে আক্রান্ত ৮৫ বছর বয়সী আত্তাব আলী ও তাঁর স্ত্রী সেফালীর হাতে এক মাসের খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে আলমপুর ইউনিয়নের খাটারপাড়া গ্রামে তাঁদের বাড়িতে গিয়ে সংগঠনের সদস্যরা এ সহায়তা দেন।
কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাওয়ায় আত্তাব আলী চলাফেরা করতে পারেন না। একসময় অন্যের বাড়িতে কাজ করে সংসার চালালেও এখন তিনি শয্যাশায়ী। স্ত্রী সেফালী অন্যের বাড়িতে কাজ করে যে সামান্য আয় করেন, তা দিয়েই চলে দুজনের সংসার ও স্বামীর চিকিৎসা। বৃষ্টির পানিতে তাঁদের মাটির ঘর ধসে পড়ায় এখন অন্যের একটি পরিত্যক্ত বাড়ির ভাঙা ঘরে আশ্রয় নিয়েছেন তাঁরা। অনেক সময় প্রতিবেশীদের দেওয়া খাবারের ওপরই নির্ভর করতে হয়।
শুভসংঘের সদস্যরা চাল, ডাল, আটা, তেল, চিনি, মসলা, মুড়ি, বিস্কুট ও চানাচুর তুলে দেন। এ ছাড়া মাছ, ডিম, শাকসবজি, লাউ, কুমড়া ও কলার কাঁদিসহ প্রয়োজনীয় কাঁচাবাজারও দেওয়া হয়।
সহায়তা পেয়ে আত্তাব আলী ও তাঁর স্ত্রী সেফালী বলেন, ‘আমরা খুব কষ্টে দিন কাটাই। জীবনে একসঙ্গে এত বাজার করার সামর্থ্য হয়নি। বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ তাঁদের ভালো রাখুন। আমরা তাঁদের জন্য দোয়া করি।’
শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁদের সামাজিক ও মানবিক দায়িত্ব। তিনি সমাজের সামর্থ্যবানদেরও এ ধরনের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান। তিনি বলেন, ‘মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। শুভসংঘের এমন উদ্যোগ প্রশংসনীয়।’
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘দম্পতি দীর্ঘদিন ধরে খুব কষ্টে আছেন। শুভসংঘ তাঁদের খোঁজ নিয়ে সহযোগিতা করায় আমরা আনন্দিত। এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাধারণ সদস্য রমজান প্রামাণিক, ইউনুস প্রামাণিক, রিয়াদ, সিয়াম, মেজবা, সেজান, জিহাদ, জোব্বার, আলামিন, সোহেল, সুমন, সুজন, রায়হান, নাঈম, রউফ ও মিনহাজসহ সংগঠনের অন্য সদস্যরা।