EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

তরুণদের আত্মবিশ্বাসী করতে কুয়াকাটায় কর্মশালা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

তরুণদের আত্মবিশ্বাসী করতে কুয়াকাটায় কর্মশালা

কুয়াকাটায় নেতৃত্ব ও আত্মবিশ্বাস নিয়ে কর্মশালায় শিক্ষার্থীরা।

অ অ

তরুণদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পটুয়াখালীর কুয়াকাটায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের কার্যালয়ে ‘নেতৃত্ব, যোগাযোগ ও আত্মবিশ্বাস: তরুণদের এগিয়ে যাওয়ার চাবিকাঠি’ শীর্ষক এ কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

শুভসংঘের কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নজরুল ইসলাম, উপকূল পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম এবং শুভসংঘের সদস্যরা।

কর্মশালায় নেতৃত্বের গুণাবলি বিকাশ, কার্যকর যোগাযোগের কৌশল, জনসমক্ষে বক্তব্য উপস্থাপন, আত্মবিশ্বাস তৈরি, দলগত কাজ ও সমস্যা সমাধানের সক্ষমতা নিয়ে আলোচনা হয়। বক্তারা ব্যক্তিগত ও কর্মজীবনে সফল হতে এসব দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলোচকরা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় একজন তরুণের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং যেকোনো দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের মধ্য দিয়ে একজন তরুণ নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন।

তাঁরা আরও বলেন, নেতৃত্ব মানে শুধু পদে থাকা নয়। দায়িত্ব নেওয়া, অন্যকে সহযোগিতা করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলগতভাবে লক্ষ্য অর্জনই প্রকৃত নেতৃত্ব। শিক্ষাজীবন থেকেই এসব গুণের চর্চা করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও নতুন দক্ষতা অর্জনের আহ্বান জানান আলোচকরা।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কর্মশালার মাধ্যমে নেতৃত্ব, যোগাযোগ ও আত্মবিশ্বাস সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছেন বলে জানান। ভবিষ্যতেও এমন আয়োজনের অনুরোধ জানান তাঁরা।

আরও পড়ুন