EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সুই-সুতোর কাজে জীবন সংসারের হাল ধরবেন ১৫ নারী

ডেইলি সান রিপোর্ট, পঞ্চগড়

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

সুই-সুতোর কাজে জীবন সংসারের হাল ধরবেন ১৫ নারী
অ অ

এক টুকরো কাপড়, সুই আর রঙিন সুতা, সাধারণ এই উপকরণগুলোই এখন নতুন স্বপ্ন দেখাচ্ছে পঞ্চগড়ের আটোয়ারীর পিছিয়ে পড়া নারীদের। সংসারের অভাব অনটন আর জীবনের নানা প্রতিকূলতা পেছনে ফেলে নিজেদের পায়ে দাঁড়ানোর প্রত্যয়ে তারা শিখছেন সেলাইয়ের কাজ। আর সেই স্বপ্ন বুনতে তাঁদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।

সংগঠনটির উদ্যোগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চলমান সেলাই প্রশিক্ষণ কর্মশালা। উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন ১৫ জন অসহায়-দরিদ্র, বিধবা নারী, দরিদ্র স্কুলছাত্রীসহ পিছিয়ে পড়া নারী।

আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হবে। ফলে প্রশিক্ষণ নেওয়ার পর তারা ঘরে বসেই কাজ শুরু করে আয়ের সুযোগ পাবেন।

প্রশিক্ষণার্থী জান্নাতুন আক্তার জেলী বলেন, আগে সেলাইয়ের কাজ জানতাম না। এখন প্রশিক্ষণের মাধ্যমে কাজটি শিখে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবো। একটি সেলাই মেশিন পেলে ভবিষ্যতে কাজ করে সংসারে সহযোগিতা করতে পারবেন বলে আশা তার।

ফাতিহা আয়াত তানহা বলেন, পড়াশোনার পাশাপাশি একটি কাজ শেখার সুযোগ পাওয়া আমান জন্য আনন্দের। ভবিষ্যতে এই দক্ষতা কাজে লাগিয়ে নিজের লেখাপড়ার খরচ নিজেই জোগার করবো।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায় বলেন, নারীদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ পিছিয়ে পড়া নারীদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন