EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার
অ অ

আধুনিক জীবনযাত্রার ব্যস্ততা, পড়াশোনা ও কর্মক্ষেত্রের চাপ, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার এবং সামাজিক একাকিত্বের কারণে বাড়ছে নানা ধরনের মানসিক সমস্যা। এসব সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা এবং মানসিক ভারসাম্য বজায় রাখার উপায় সম্পর্কে তরুণদের ধারণা দিতে ময়মনসিংহের নান্দাইলে সেমিনার ও আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ।

রবিবার (১ নভেম্বর) ‘মানসিক স্বাস্থ্য ও সুস্বাস্থ্য: বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এ সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ নান্দাইল উপজেলা শাখা।

সেমিনারে বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও প্রত্যেক মানুষের জন্য জরুরি। মানসিক চাপ, হতাশা, উদ্বেগ কিংবা একাকিত্বকে অবহেলা করলে তা ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক, শিক্ষাজীবন ও কর্মক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মানসিক সমস্যাকে লুকিয়ে না রেখে পরিবার, বন্ধু ও বিশ্বস্ত মানুষের সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নান্দাইল উপজেলা শাখার সভাপতি শুভ দত্ত। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বিজয়। অনুষ্ঠানের শুরুতে মানসিক স্বাস্থ্যের বর্তমান অবস্থা, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের নেতিবাচক প্রভাব এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা পর্বে নান্দাইল উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ-এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজি বলেন, ‘স্বাস্থ্য কেবল শারীরিক সুস্থতার নাম নয়; মানসিক সুস্থতাও এর সমপরিমাণ জরুরি। বর্তমান বিশ্বায়নের যুগে কর্মক্ষেত্র, পড়াশোনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে তরুণ প্রজন্ম নানা ধরনের মানসিক চাপে ভুগছে। মানসিক সমস্যাকে আড়াল না করে খোলামেলা আলোচনা ও বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করাই এর থেকে উত্তরণের প্রথম ধাপ।’

সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বিজয় বলেন, ‘মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি জীবনের একটি মৌলিক প্রয়োজন। ডিজিটাল আসক্তি কমানো, নিয়মিত শারীরিক চর্চা, সামাজিক মেলবন্ধন বৃদ্ধি এবং পর্যাপ্ত ঘুম আমাদের মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

সভাপতির বক্তব্যে শুভ দত্ত বলেন, ‘সামাজিক ও পারিপার্শ্বিক নানা কারণে আমাদের সমাজ থেকে মানসিক প্রশান্তি ও সম্প্রীতি কমে যাচ্ছে। আজকের এই আয়োজন তরুণদের মধ্যে মানসিক সচেতনতা তৈরি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন দৃঢ় করার একটি উদ্যোগ।’

ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ইসতিয়াক হাসান নাসিম ও আরিফ রাব্বানী, দপ্তর সম্পাদক সাদনান সাদি, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক সৌরভ।

এ ছাড়া শুভসংঘের বন্ধু জাবির আহাম্মেদ, তাইবা, অথৈ, লিয়া, মো. রাব্বানী, তামিম হাসান মন্ডল, মো. নূর জামাল, রাকিবুল হাসান সায়িম, ইমতিয়াজ হাসান রাফি, অর্ণব পাল, ওম সাহা, অর্থজিৎ সাহা ও হুজরাত বিন মাহিসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন মাহফুজ হাসান, নিরব ও বাধনসহ অন্যরা।

সেমিনারে অংশগ্রহণকারীরা নিজেদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি মানসিক সংকটে থাকা মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ, সহযোগিতা ও সচেতনতা তৈরিতে কাজ করার অঙ্গীকার করেন।

আরও পড়ুন