EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সামাজিক উন্নয়ন-স্বেচ্ছাসেবায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম

সামাজিক উন্নয়ন-স্বেচ্ছাসেবায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান
অ অ

সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কাজে তরুণদের সম্পৃক্ত করতে মতবিনিময় সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। শনিবার সকালে বসুন্ধরা শুভসংঘ কার্যালয়ে আয়োজিত এ সভায় গাজীপুর জেলা শাখার সদস্যরা অংশ নেন। তরুণদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

সমাজে ইতিবাচক পরিবর্তন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর লক্ষ্যেই এ আয়োজন। আলোচনায় সমাজসেবা, স্বেচ্ছাসেবার গুরুত্ব, মাদকাসক্তি প্রতিরোধ, সামাজিক সচেতনতা এবং মানবিক সমাজ গঠনে তরুণদের দায়িত্ব ও সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে।

তরুণদের উদ্দেশে ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের স্লোগান হলো “শুভ কাজে সবার পাশে”। আমরা সমাজের প্রতিটি শুভ কাজে সহযোগিতা করতে চাই। তরুণদের নিজ নিজ অবস্থান থেকে সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। আশপাশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে ব্যক্তিগত কিংবা সাংগঠনিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

তিনি আরও বলেন, সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা তরুণ বয়স থেকেই গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবা শুধু অন্যকে সহযোগিতা করা নয়, এটি দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

মতবিনিময়ে অংশ নেওয়া তরুণরা সামাজিক সমস্যা মোকাবিলা, স্বেচ্ছাসেবার অভিজ্ঞতা এবং সমাজকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করার নানা দিক নিয়ে আলোচনা করেন।

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মানবিক সমাজ গঠনে তরুণদের নেতৃত্ব, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন