স্বেচ্ছাসেবায় তরুণদের উদ্বুদ্ধ করতে পঞ্চগড়ে শুভসংঘের সভা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম
পঞ্চগড়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভায় অংশগ্রহণকারীরা।
তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব জাগ্রত করতে পঞ্চগড়ে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার জেলা শাখার আয়োজনে ‘তরুণ সমাজকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার কৌশল’ শীর্ষক এ সভায় যুবসমাজকে সমাজ উন্নয়নমূলক কাজে যুক্ত করার উপায় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, তরুণেরা দেশের সবচেয়ে কর্মক্ষম ও সম্ভাবনাময় জনগোষ্ঠী। তাঁদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তি ইতিবাচক কাজে লাগানো গেলে সমাজের নানা সমস্যা সমাধান সম্ভব। মানুষের পাশে দাঁড়ানো ও সমাজের কল্যাণে কাজ করার মাধ্যমে তরুণেরা নিজেদের নেতৃত্বগুণও বিকশিত করতে পারেন।
বন্যা, শীত ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদানে উদ্বুদ্ধ করা এবং অসহায় মানুষের সহযোগিতাকে স্বেচ্ছাসেবার দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন বক্তারা। পাশাপাশি বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক ও পলিথিন কমানো, ডেঙ্গু প্রতিরোধ এবং বাল্যবিবাহ ও মাদকবিরোধী কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
তরুণদের স্বেচ্ছাসেবায় যুক্ত করতে সভায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক স্বেচ্ছাসেবী দল গঠন, পাঠচক্র, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা আয়োজন এবং রক্তদাতার তালিকা তৈরির পরামর্শ দেওয়া হয়। আগ্রহ ও দক্ষতা অনুযায়ী দায়িত্ব দেওয়া, প্রশিক্ষণ এবং কাজের স্বীকৃতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।
বক্তারা মনে করেন, তরুণদের শুধু অংশগ্রহণকারী নয়, পরিকল্পনাকারী, সংগঠক ও সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে। তাঁদের মতামতকে গুরুত্ব দিলে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
পঞ্চগড়ের স্থানীয় বাস্তবতা বিবেচনায় শিক্ষাসহায়তা, পরিবেশ সংরক্ষণ, শীতার্ত মানুষের সহযোগিতা, রক্তদান ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চালানোর আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি সুমন ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হাসান হিমুসহ শুভসংঘের বন্ধু উম্মে নাহার-ই জান্নাত, শ্রাবণি আক্তার সিমি, মাকছুদা আক্তার, সুমি আক্তার, সুলতানা আক্তার মিম, উম্মে নাসিফা আক্তার লিসা ও কেয়া আক্তার।